আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপসহ অন্য হুইপরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও হুইপরা।
সোমবার সন্ধ্যায় গণভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের অন্যান্য হুইপ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
গত শনিবার আওয়ামী লীগের ২২তম সম্মেলনে টানা দশমবার দলের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী পদে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সেদিন সকালে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধনের পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে তাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১৯৮১ সালে আওয়ামী লীগের হাল ধরার পর থেকে এ তরী বেয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
পঁচাত্তর ট্রাজেডির পর বিদেশে নির্বাসিত থাকা অবস্থায় আওয়ামী লীগের ১৯৮১ সালে ত্রয়োদশ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা, তারপর দেশে ফিরে ধরেছিলেন দলের হাল। এরপর চার দশক ধরে সভাপতি নির্বাচিত হয়ে আসছেন তিনি।
সোমবার শেখ হাসিনাকে আরও শুভেচ্ছা জানান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং হুইপ জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর ১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য সামসুল হক চৌধুরী ও গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।
আরও পড়ুন
