ভোটার আসবে না, সেই ‘দুঃস্বপ্ন’ দেখে লাভ নেই: বিএনপিকে কাদের
বিএনপির ‘লাফালাফি’ বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে এসে বিএনপিকে নিজেদের শক্তি যাচাইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকালে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ঢাকা ১৬ আসনের অন্তর্গত ইউনিটের সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, "১০ ভাগ ভোটও পাবেন না। আসেন না। ইলেকশনে নিজেদের শক্তিটা যাচাই করে দেখেন। সিটি নির্বাচনে গেলেন না, কাউন্সিলররা তো ঠিকই গেল। কয় দিন পর শুনব, মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে।"
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ইলেকশন কমিশন বলেছে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোটার ভোট কেন্দ্রে উপস্থিতি। আমাদের দেশে না কি শেখ হাসিনার সময়ে মানুষের ভোটের প্রতি আগ্রহ নেই। বিএনপি বলে, সুজন বলে। তাহলে গাজীপুরে কি হল? ৫০%, ৪০% গাইবান্ধা নির্বাচনে৷"
কাদের বলেন, "আগ্রহ নেই? আপনারা নাই বলে ভোটার আসবে না, এই দুঃস্বপ্ন দেখে ফখরুল সাহেব লাভ নেই।"
বিএনপির ‘লাফালাফি’ বন্ধ হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, “বিদ্যুৎ নিয়ে তুলকালাম। আরে তোরা দিলি খাম্বা, আমরা দিলাম বিদ্যুৎ। যদি বিদ্যুতের ঘাটতি হত, কিছুদিন আগে বিশ্বকাপ হয়ে গেল। কোথাও কি বিদ্যুৎ নিয়ে ঝামেলা হয়েছে? কার সময়?
"আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত, বিশ্বকাপে কত যে বিদ্যুৎ নিয়ে ভাংচুর হত! বিএনপির সময় মানুষ একটা বিশ্বকাপও ঠিক মতো দেখতে পারেনি- লোড শেডিং।"
বিএনপি ও এরশাদ আমলে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা লোড শেডিং ছিল দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "শেখ হাসিনার উপরে আল্লাহর রহমত আছে। শেখ হাসিনার উপর মানুষের দোয়া আছে। শেখ হাসিনা যাবে না। সারারাত জেগে যে নেতা মানুষের কথা ভাবে, খাদ্যদ্রবের দাম কোথায় কত বাড়ল সে কথা ভাবে, সে নেতাকে হটানো এত সহজ নয়।
"তাপমাত্রা কমে গেছে, লোড শেডিংও কমে গেছে। কয়েকদিনের মধ্যে আর থাকবে না।"
বাজারে বিভিন্ন জিনিসের দাম কমতে শুরু করেছে এমন দাবি করে তিনি বলেন, "আরেক তেল সয়াবিন। দাম কমছে? কিছু কিছু জিনিসের দাম কমতে শুরু করেছে। ইনশাআল্লাহ এই দু:খ, কষ্ট আপনাদের থাকবে না।"
আওয়ামী লীগ মরে গেলেও বেঈমানি করবে না জানিয়ে কাদের বলেন, "জনগণের সাথে বঙ্গবন্ধু বেঈমানি করেন নাই। তার কন্যা শেখ হাসিনা। ভরসা রাখবেন।"
তত্ত্বাবধায়ক চাইলে বিএনপিকে আদালতের সঙ্গে ফয়সালা করার পরামর্শ দেন তিনি। বলেন, “তত্ত্বাবধায়কের মাধ্যমে আপনারা পেয়েছিলেন ৩০টি সিট। ওই তত্ত্বাবধায়ক আর আসবে না। মরে গেছে। আমরা পাঠাইনি। পাঠাইছে আদালত। আদালতের সঙ্গে গিয়ে ফয়সালা করেন।"
সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লাসহ আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
