১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন দল নিবন্ধন: বিএনএম ও বিএসপির দাবি-আপত্তি শুনল ইসি

দুই পক্ষই নিজেদের দাবিকে যৌক্তিক বলে শুনানিতে তুলে ধরেছে।

নতুন দল নিবন্ধন: বিএনএম ও বিএসপির দাবি-আপত্তি শুনল ইসি

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 11:12 PM

Updated : 07 Aug 2023, 11:12 PM

নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত দুটি দলের বিষয়ে দাবি ও আপত্তি আবেদনের শুনানি হয়েছে।

সোমবার সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর নিবন্ধন নিয়ে বাদী-বিবাদীদের শুনানি হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

দুই পক্ষই সাংবাদিকদের জানান, কমিশন তাদের বক্তব্য শুনে পর্যালোচনা করে রায় দেওয়ার কথা জানিয়েছেন।

শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “শুনানিতে তাদের যুক্তি-তর্ক পর্যালোচনার পর নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন কমিশন।”

বিএনএম এর নিবন্ধনে আপত্তি জানানো ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলী নাছের খান শুনানি শেষে বলেন, “বিএনএম ইসির নিবন্ধনের জন্য কোনো শর্তই পূরণ করতে পারেনি। এ বিষয়ে আমরা যুক্তি উপস্থাপন করেছি। ভূঁইফোড় সংগঠনগুলোকে যদি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয় তাহলে শপথ ভঙ্গ হবে ইসির।”

এ নিয়ে বিএনএম এর যুগ্ম আহ্বায়ক ব্যারিষ্টার এম সারোয়ার হোসেন বলেন, “অভিযোগীকারী এবি পার্টির একজন সদস্য। প্রতিহিংসা পরায়ণ হয়ে অভিযোগ করেছেন।”

নতুন এ দলের নিবন্ধনে আপত্তি জানানো আলী নাছের খান নিবন্ধন না পাওয়া দল এবি পার্টির সহযোগী সংগঠন এবি যুব পার্টির আহ্বায়ক কমিটির অফিস সমন্বয়ক।

অপরদিকে নিবন্ধন পাওয়া অপর দলের বিষয় বাংলাদেশ শ্রমজীবি পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন আব্দুল কাদের জিলানী নিজেদের বিএসপি দাবি করে বলেন, “আমার কথা হল বাংলাদেশ শ্রমজীবি পার্টি (বিএসপি), ২০১৭ সালে ৬ জুলাই আত্মপ্রকাশ ঘটিয়েছে। আজকে হঠাৎ করে একটি রাজনৈতিক সংগঠন এল, আমাদের বিএসপির সংক্ষিপ্ত নামটি ব্যবহার করলেন। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। দলের নাম ডাবল হতে পারে না।”

বিএসপির নিবন্ধনের বিরোধিতা করে শাহাজাদা সৈয়দ শহিদউদ্দিন আহমদ বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানটাকে এই দরবারকে পুঁজি করে তার ভাই রাজনৈতিক হাতিয়ার বানাতে চায়। যার কাছে নিজের পিতা, নিজের ছোট ভাই-বোন, অনুসারী আশেকানরা নিরাপদ নয়।”

এসব অভিযোগ উড়িয়ে দেয় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম মিয়া বলেন, “আমরা সকল শর্ত পূরণ করেছি। যে অভিযোগ ছিল, তা মিথ্যা। কারও পৈত্রিক সম্পত্তিতে অফিস করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

বিএসপির বিরুদ্ধে অভিযোগকারী দলটির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ এর ছোট ভাই শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

আরও পড়ুন:

পুরানো খবর:

এবার বিএনএম এর নিবন্ধন নিয়ে আপত্তি এক আইনজীবীর

পুরানো খবর:

নতুন দল বিএসপির নিবন্ধন নিয়ে চেয়ারম্যানের ছোট ভাইয়ের আপত্তি

পুরানো খবর:

নিবন্ধন: ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন বিএমজেপি ও এবি পার্টির