২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতারা খালাস পেলেও খালেদা জিয়ার সাজা হল: ফখরুল

বিএনপি মহাসচিবের অভিযোগ, বর্তমান সরকার বিচার বিভাগকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 06:11 PM

Updated : 03 Aug 2023, 09:52 PM

একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতারা খালাস পেয়ে মন্ত্রী হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “বিস্ময়ের ব্যাপার যে বিচারিক আদালতে তার (খালেদা জিয়া) সাজা হল ৭ বছর, উচ্চ আদালতে আবার ১০ বছর সাজা দিয়েছে। অথচ একই ধরনের মামলায় আওয়ামী লীগের বহু নেতা তারা জামিন পেয়েছেন, পরবর্তীকালে তারা খালাস পেয়েছেন এবং মন্ত্রিত্বও করেছেন।

“আপনারা জানেন, বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ১৫টি মামলা ছিল, সেগুলো দুর্নীতির একই ধরনের মামলা ছিল, সেগুলো ১/১১ সময়ে করা হয়েছিল- সেই মামলাগুলো তারা কৌশলের সঙ্গে বিভিন্ন বিচারক নিয়োগ দিয়ে মামলাগুলোকে আদালতে খারিজ করে নিয়েছেন।”

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য দীর্ঘ ৯ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি মিথ্যা মামলা সাজিয়ে তাকে দণ্ডিত করা হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে।”

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই বছরের অক্টোবরে হাই কোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর।

এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আরও সাত বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর পরিবারের আবেদনে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে খালেদার দণ্ড স্থগিত করেন ছয় মাসের জন্য।

ওই বছরের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে তার বাড়িতে রয়েছেন। প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে পরিবারের আবেদনে।

আন্দোলন দমনে সরকার বিচার বিভাগকে ‘বড় অস্ত্র’হিসেবে ব্যবহার করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তার ভাষায়, “এই ফ্যাসিবাদী সরকার তারা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সবচেয়ে বড় উইপন হিসেবে ব্যবহার করছে বিচার বিভাগকে। এই বিচার বিভাগকে ব্যবহার করে তারা জনগণের মৌলিক যে অধিকার, তার গণতান্ত্রিক যে অধিকার, যে সাংবিধানিক অধিকার সেই অধিকারগুলোকে পুরোপুরিভাবে হরণ করে নেওয়া হচ্ছে।

‘‘এবং গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের জন্য মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই বিচার বিভাগকে দিয়ে আজকে চরমভাবে হয়রানি-নির্যাতন-নিপীড়নের শিকার করা হচ্ছে গণতন্ত্রকামি মানুষকে।”

মির্জা ফখরুল বলেন, “আমাদের দলের এমপি ছিলেন সাতক্ষীরার হাবিবুল ইসলাম হাবিব। তাকে ৭০ বছর জেল দিয়েছে…, আমাদের ঈশ্বরদীর মিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। অপরাধ কী? ২৫/২৬ বছর আগে কবে-কোন সময়ে কী একটা সংঘাতের ঘটনা ঘটেছিল, সেই সংঘাতের কারণে এই সাজাগুলো দেওয়া হয়েছে। আমরা বারবার করে এ কথাটা বলে আসছি।

“আজকে এই কথাগুলো পুরোপুরি এমনভাবে দেশের প্রচারমাধ্যমকে ব্যবহার করছে, মিডিয়াকে ব্যবহার করছে, তাদের মাধ্যমে তারা একটাকে এমনভাবে প্রচার করাচ্ছে যে- এটাই সত্য, বাকিগুলো সব অসত্য। গণমাধ্যমকে তারা আরেকটা হাতিয়ার হিসেবে নিয়ে গণমাধ্যমকে ব্যবহার করছে।”

অবৈধ সম্পদের মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই ধারায় ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সেই রায়ের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘‘এই রায় ঘোষণা করে তারা (সরকার) ভেবেছে যে, আমাদের যে মূল দাবি, এক দফা দাবি অর্থাৎ এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা… দেশে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিদের নিয়ে জনগণের সরকার গঠন করা। সেই লক্ষ্য থেকে সরকার আমাদেরকে দূরে সরাতে চায়।

‘‘আমরা সেজন্য বলতে চাই, আমাদের আন্দোলন চলমান আন্দোলন, এটা কখনোই কোনোভাবে… তারেক রহমান সাহেবকে সাজা দিয়ে বা ডা. জোবায়দা রহমানকে সাজা দিয়ে, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে নিয়ে গিয়ে, আমাদের নেতাকে জেলে দিয়ে আন্দোলনকে বন্ধ করা যাবে না, স্তব্ধ করা যাবে না। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই আন্দোলনের বিজয় না দেখে ঘরে জনগণ কখনোই ফিরে যাবে না।”

নুরের ওপর হামলার ঘটনার নিন্দা

মির্জা ফখরুল বলেন, ‘‘গতকাল বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভিপি নুর তাকে যে ভয়াবহভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অমানবিকভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, ভয়ংকরভাবে তাকে আহত করেছে।

‘‘এর আগের রাতে তার বাসায় গোয়েন্দা শাখার লোকেরা গিয়ে…এটা একটা অমানবিক ব্যাপার যে তার বাচ্চা, তার স্ত্রীর সামনে যেভাবে তারা ভাংচুর করেছে, তার ওপর আক্রমণ করেছে…এটা কোনো সভ্য দেশে চলতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। রাজনীতিবিদদের চেহারা এরকমই। আমি ভিপি নুরের ওপর আক্রমণ ও হামলার নিন্দা জানাচ্ছি।”

পুলিশের ভূমিকা প্রসঙ্গ

গত শনিবার ঢাকার ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সেসময় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে আটক করে ছেড়ে দেওয়া হয় ঘণ্টা চারেক বাদে।

এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্ন ভোজের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ধোলাইখালের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা দেখেছেন আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কীভাবে রাস্তায় ফেলে দিয়ে তাকে কীভাবে পিটিয়েছে। কালকে আমি শুনলাম টেলিভিশনে ঢাকার ডিবির প্রধান একটা চ্যানেলে এসেছিলেন। উনি ডিফেন্ড করছিলেন যে, ‘উনাকে মারতে চাওয়া হয়নি, পড়ে গেছে, ধাক্কা-টাক্কায় পড়তে পারে’।

‘‘যিনি টেলিভিশনে অ্যাংকর ছিলেন, তিনি বলছিলেন…‘আমরা তো নিজের চোখেই দেখেছি’… বিশেষ করে সোহরাব হাসান ভাই ছিলেন, উনি বলছিলেন যে- উনি তো নিজের চোখে দেখেছেন যে পড়ে যাওয়ার পরে কীভাবে তাকে (গয়েশ্বরকে) লাঠিপেটা করা হয়েছে। এ হচ্ছে তাদের (পুলিশের) আসল চেহারা, ওদের ফ্যাসিস্ট চেহারা, ফ্যাসিস্টরা এটাই করে, তারা ভয় দেখিয়ে, ফিয়ার-ফোবিয়া তৈরি করে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায়।”

Image

বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়

সংবাদ সম্মেলনে ফখরুলের পাশে বসা গয়েশ্বর চন্দ্র রায় এরপর বলেন, ‘‘আমি এই মাত্র শুনলাম মাননীয় মহাসচিব বললেন, ডিবির প্রধান তিনি টেলিভিশনে বলেছেন, আমি পড়ে গেছিলাম। আমার মাথার আঘাত এখনও যায়নি। প্রথম পুলিশের পক্ষ থেকে ছোঁড়া ইটে প্রথম আমার আঘাত লাগে। মাথা হাতে দেখি রক্ত ঝরছে। তখনও আমি দাঁড়িয়ে আছি।

‘‘কাছে থেকে আমাকে যখন হাঁটুর নিচের দিকে লাঠি দিয়ে আঘাত করলো, তখন আমি পড়ে গেছি। আমি তো বাতাসে পড়ে যাওয়ার মতো লোক না। পরে দেখলেন না…কত সোনারগাঁও হোটেলের খাবার-দাওয়া…। সরকার একটা অপরাধ করার পরে সেটা ঢাকতে হাজারো রকমের মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা মিথ্যাই থেকে যায়... এটাই মূল কথা আমার।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, নাসির উদ্দিন অসীম, নাজিম উদ্দিন আলম, সেলিমুজ্জামান সেলিম, হাসান জাফির তুহিন।

নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

সংবাদ সম্মেলন শেষে বিএনপি মহাসচিব মহাখালীতে ইউনির্ভাসেল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে দেখতে যান। চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময়ে গণঅধিকার পরিষদের রাশেদ খান, বিএনপির আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।