২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন: ভিডিও দেখে যুবদলের আরও দুই নেতা গ্রেপ্তার

গত ২৮ অক্টোবর বিএনপি হরতাল ডাকার পর কাকরাইলে বাসে আগুন দেওয়া হয়। এরপর তার ভিডিও পাওয়া যায়।

বাসে আগুন: ভিডিও দেখে যুবদলের আরও দুই নেতা গ্রেপ্তার

বাসে বোতল ছুড়ে দেওয়া এই ব্যক্তিটি রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 07:20 PM

Updated : 05 Nov 2023, 07:20 PM

গত ২৮ অক্টোবর বিএনপি হরতাল ডাকার পর রাজধানীর কাকরাইল এলাকায় ঢাকা থেকে গাজীপুর রুটের বলাকা পরিবহনের একটি বাসে আগুনের ভিডিও পর্যালোচনা করে আরও দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তারা দুজনেই বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতা।

রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় এবং রমনা থানা যুবদলের ১৯ ওয়ার্ডের আহ্বায়ক আল আমিন মাহিন।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের পর সমাবেশ চালিয়ে না গিয়ে পরের দিন হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ঢাকার বেশ কিছু এলাকায় গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।

কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে বলাকা পরিবহনের একটি বাসে আগুনে দেওয়ার পর এর চালক মনির হোসেন সাংবাদিকদের জানান, ‘ডিবি’র জ্যাকেট পরা দুজন এসে তার বাসে আগুন দেয়।

পরে ঘটনার ভিডিও আসে ডিবির হাতে। তারা সেটি প্রকাশ করে জানায়, ‘ডিবি’ নয়, জ্যাকেটে ‘প্রেস’ লেখা ছিল। জ্যাকেটটি যুবদলের ঢাকা দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের গায়ে ছিল।

Image

বাসে আগুনের ভিডিও পর্যালোচনা করে গ্রেপ্তার রমনা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন হৃদয় এবং রমনা থানা যুবদলের ১৯ ওয়ার্ডের আহ্বায়ক আল আমিন মাহিন।

একই ভিডিওতে দেখা যায়, মুখে দাঁড়িসহ একজন বলাকা পরিবহনের সেই বাসটিতে একটি বোতল ছুঁড়ে দেন। আগে থেকে ধোঁয়া উড়তে থাকা বাসটিতে এরপর আগুন জ্বলে যায়।

এরপর সেই ব্যক্তি দ্রুত হেঁটে বাসের অপর প্রান্তে চলে যান। পরে আবার তিনি হেঁটে অন্যদের সঙ্গে মিশে যান। পুলিশ যাকে যুবদল নেতা নয়ন বলছে, তার সঙ্গেই হাঁটতে থাকেন তিনি।

এই ব্যক্তিটিই মহিউদ্দিন হৃদয় জানিয়ে গোয়েন্দা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর অনুসন্ধান চালিয়ে হৃদয় এবং মাহিনকে চিহ্নিত করা হয়েছে।

“তারাই পুলিশের গাড়ি এবং বাসে আগুনের ঘটনা সরাসরি ঘটিয়েছে”, বলা হয় বিজ্ঞপ্তিতে।

বলাকা পরিবহনের সেই গাড়ির পাশাপাশি তারা পুলিশের গাড়িতেও আগুন দেয় জানিয়ে গোয়েন্দা পুলিশ বলে, “বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে তারা এ ধরনের নাশকতা চালায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবদল নেতারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আটক করার সময় একটি মোটরসাইকেল, একটি হেলমেট ও বোতলে রাখা পেট্রোল উদ্ধার করা হয় বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।