স্বেচ্ছাসেবক লীগে সাচ্চু এখন পূর্ণ সভাপতি
সভাপতির মৃত্যুর পর এক বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সাচ্চু।
সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে ভারমুক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাচ্চুকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ সভাপতি ঘোষণা করেন শেখ হাসিনা।
এরমধ্য দিয়ে এক বছর ভারপ্রাপ্ত থাকার পর পূর্ণ দায়িত্ব পেলেন তিনি। আগামী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে এই দায়িত্ব পালন করবেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গণভবনে নেতারা দেখা করতে যাওয়ার সময় সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দের দিন আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা গাজী মেজবাউল হক সাচচ্চুকে ভারমুক্ত করেছেন। সে এখন পূর্ণ সভাপতি। আগামী সম্মেলন পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"
গাজী মেজবাউল হোসেন সাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব অর্পণ করায় তার কাছে চিরকৃতজ্ঞ। আমি নিজের জীবন দিয়ে হলেও ন্যায় এবং নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করব। স্বেচ্ছাসেবক লীগ আগের চেয়ে আরো শক্তিশালী হবে।”
২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনে নির্মল রঞ্জন গুহকে সভাপতি এবং আফজালুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন হয়েছিল।
গত বছরের জুলাই মাসে নির্মল রঞ্জন গুহের মৃত্যুর পর সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সাচ্চু।
