এনসিপির ক্রীড়া সংগঠন ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের নেতৃত্বে ফাহিম-নাজমুল
সংগীতশিল্পী আসিফ আকবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন সংগঠনের আহ্বায়ক ও সদস্যসচিবকে শুভেচ্ছা জানান তিনি।
নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক ও এম নাজমুল ইসলামকে সদস্যসচিব করে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আমরা আপনাদের সহযোগিতা করব। এইটা আমাদের অধীনস্ত কোনো সংগঠন না, আমরা আপনাদের সহযোগিতা করব।”
সংগীতশিল্পী আসিফ আকবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন সংগঠনের আহ্বায়ক ও সদস্যসচিবকে শুভেচ্ছা জানান তিনি।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।
যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সালমান জাভেদ, এম. রফিকুল ইসলাম, মো. জহির রায়হান ও খালেক শিকদারকে।
আহ্বায়নের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদীন ফাহিম বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট কোচ, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক। বিকেএসপি ও বিসিবিতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক কোচ এবং বিসিবির সাবেক পরিচালক।
আর সদস্যসচিবের দায়িত্ব পাওয়া নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত জানুয়ারিতে ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন।
এনসিপি বলছে, দেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স গঠন করা হয়েছে।
আগামী ছয় মাসের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে দলটি।
