বিএনপির মহাসমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন
নয়টি বড় ট্রাকের দুইপাশের ডালা খুলে পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে মহাসমাবেশের অস্থায়ী মঞ্চ।
‘সরকার হটানোর এক দফা’ আন্দোলনে থাকা বিএনপির মহাসমাবেশের জন্য ঢাকার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সামনে সভামঞ্চ প্রস্তুত।
শুক্রবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্য্ক্রম শুরু হবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মহাসমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন। সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই তারা ভিড় করে আছেন কার্যালয়ের সামনে।
বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে নয়া পল্টনের সড়কে। রয়েছে সাঁজোয়া যান, জলকামানের গাড়ি।
নয়টি বড় ট্রাকের দুইপাশের ডালা খুলে পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে মহাসমাবেশের অস্থায়ী মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট।
উত্তরমুখী এই মঞ্চে নেতাদের বসার জন্য রয়েছে শতাধিক চেয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য রাখা হয়েছে দুটি আলাদা চেয়ার, যেগুলো খালি রেখে সমাবেশ চলবে।
মঞ্চের এক পাশে রয়েছে বিশাল আকারের ডিসপ্লে বোর্ড। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেঁধে দেওয়া সীমানায় ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।
গণমাধ্যম এবং বিএনপির সাংস্কৃতিক কর্মীদের জন্য দুটি বড় ট্রাক একত্রিত করে তৈরি করা হয়েছে আলাদা দুটি মঞ্চ।
বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশ করছে।
গত ১২ জুলাই শুরু হওয়া এক দফার আন্দোলনের এটি দ্বিতীয় কর্মসূচি। এর আগে ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রা করেছে বিএনপি ও সমমনা দলগুলো।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। সাদা, নীল, লাল, সবুজ ও হলুদ টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।
ভিড় বাড়তে থাকায় সকালেই নয়া পল্টনের দুই পাশের সড়কে যান চালাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, “আমরা প্রথম থেকে বলে আসছিলাম ২৮ জুলাইয়ের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এর কোনো সীমানা নেই। এই জনস্রোতকে কোনো সীমানাই দিয়ে রোখা যাবে না। এই সকালে নয়া পল্টনে তার প্রমাণ দিয়েছে অধিকারহারা মানুষেরা।”
মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, “এখন যে মানুষজন দেখছেন, এদের বেশিভাগই বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মী। পল্টনের সড়কে দাঁড়ানোর তিল পরিমাণ ঠাঁই নেই। ঢাকার ওয়ার্ডগুলো থেকে মানুষজন আসা শুরু করলে এই জনস্রোতে মতিঝিল, শান্তিনগর, বিজয়নগর ছাড়িয়ে যাবে।”
গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই একদফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।
এক দফা দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রার পর ঢাকায় এই মহাসমাবেশ করার কথা ছিল বৃহস্পতিবার। সেজন্য নয়া পল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ তা না দিয়ে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দেয়।
এ পরিস্থিতিতে বুধবার রাতে বিএনপি ও সমমনা জোটগুলো মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়। বৃহস্পতিবার বিকালে বিএনপিকে ২৩ শর্তে নয়া পল্টনের সামনে মহাসমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।
গত কিছু দিনের ধারাবাহিকতায় শুক্রবার বিএনপির পাশাপাশি মাঠে থাকবেন ক্ষমতাসীন দলের অনুসারীরাও।
আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শুক্রবার বিকাললে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে।
বিএনপির মত একইরকম ২৩টি শর্তে তাদের এই সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
