২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ‘তথ্যসন্ত্রাস’ চালাচ্ছে: কাদের

বিএনপি লাগাতারভাবে ‘গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন’ করে আসছে বলে মন্তব্য করেন কাদের।

বিএনপি ‘তথ্যসন্ত্রাস’ চালাচ্ছে: কাদের

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 05:01 PM

Updated : 14 Jul 2023, 05:01 PM

বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও সরকারের বিরুদ্ধে ক্রমাগত ‘গুজব ও তথ্যসন্ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার এক বিবৃবতিতে তিনি বলেন, “বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস পরিচালনা করছে। সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। 

“এ ধরনের কুৎসিত ও রুচিহীন গুজবসন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব।” 

আওয়ামী লীগ সংবিধান সম্মতভাবে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারাবদ্ধ বলেও জানান তিনি। 

“কোনো ধরনের গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভণ্ডুলের কোনো প্রকার অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।"  

দেশের বিভিন্ন স্থানে ‘বিএনপির সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টার’ তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান কাদের। 

বিএনপি লাগাতারভাবে ‘গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন’ করে আসছে বলে মনে করেন কাদের। 

“বিএনপির এই তথাকথিত আন্দোলন জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে, তাই তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা।  

“সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছে বিএনপি।" 

বিবৃতিতে ওবায়দুল কাদের সব ধরনের উস্কানি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।