বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ‘আগ্রহ নেই’: রাজ্জাক
তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ নিয়ে যে ভারতীয়দের আগ্রহ আছে, সে কথাও বলেছেন আওয়ামী লীগের এই নেতা।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন প্রতিবেশী দেশটিতে সফর করে আসা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেছেন, ভারতে তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে চীন প্রসঙ্গেও কথা হয়েছে। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৬ থেকে ৯ অগাস্ট ভারত সফর করে। সেই সফরের অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসেন প্রতিনিধি দলের সদস্যরা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, “ভারত পার্শ্ববর্তী দেশ। তাদের সাথে আমাদের কানেকটিভিটি অনেক বেশি। পার্সন টু পার্সন কানেকশন, আপনারা জানেন। বাংলাদেশে কী হচ্ছে তারা সবকিছু জানে। রাজনৈতিক অর্থনৈতিক কিছু বিষয়ে তারা জানে। তাদের আগ্রহ আছে।
তবে নির্বাচন নিয়ে ভারত ‘আগ্রহী নয়’ মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। এখানে ভারতের কিছু করার নাই। ভারত নির্বাচনে কী করবে? তাদের কিছু করার নাই। তারা কোনো মন্তব্য করে নাই।"
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, "ভারতের জন্য চীন সবসময় দুশ্চিন্তার ফ্যাক্টর। সেজন্যই তাদের সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা তৈরি হয়। আমরা বলেছি, আমাদের পররাষ্ট্রনীতি ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’। সেই নীতি নিয়েই আমরা চলি। কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, এই সম্পর্কের সাথে কারো সম্পর্ক তুলনীয় নয়। সেই প্রসঙ্গে এই বিষয়টি এসেছে।"
আগামী নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা ভারতীয়রা করছে কিনা, সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, “রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়নি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ আছে, তথ্য আদান প্রদান করা হয়।"
বিএনপির প্রসঙ্গ তুলে রাজ্জাক বলেন, "তারা বিদেশিদের ওপর নির্ভয় করে এখন দেখেছে যে কিছু নাই, পানিতে ডুবে যাবে। বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে ভবিষ্যত রাজনীতি কার দ্বারা নিয়ন্ত্রিত হবে।"
আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, উপদেষ্টা পরিষদ সদস্য আরমা দত্ত, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এবং কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান।
হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, "আমরা যাদের সাথে আলোচনা করেছি, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশে সংবিধানের আলোকে নির্বাচন হবে। এখানে যে সমস্ত দাবিগুলো (বিএনপি ও সমমনাদের) আছে, সেগুলোর প্রয়োজন নাই, এটা তারা বোঝে। তারা মনে করে, সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট বাংলাদেশ হবে।"
ভারত সফরে জঙ্গিবাদ নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী হাছান বলেন, "জঙ্গিদের একটি ক্রস বর্ডার কানেকশন রয়েছে, এটা নিয়ে তারা ওয়াকিবহাল।"
এই আওয়ামী লীগ নেতা বলেন, বিদেশিদের কাছে ‘ধর্না দিয়ে’ যে কোনো লাভ হচ্ছে না, বিএনপি এখন সেটা অনুধাবন করতে পেরেছে। সেজন্য ‘অন্য সুরে’ কথা বলছে।
“আমরা ভারতে গেছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আর তারা (বিএনপি) নিজেরা ধর্না দিয়ে বিভিন্ন জায়গায় যায়।”
এর আগে লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, "ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীরে ও আন্তরিক। আগামীদিনেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাংলাদেশ আওয়ামীলীগের সাথে কাজ করতে আগ্রহী।
"আওয়ামী লীগের প্রতিনিধি দলকে ভারতীয় জনতা পার্টি জানিয়েছে, চীন ও জামায়াতে ইসলামী ভারতের জন্যে কোনো ঝুঁকি নয়। জামায়াত সাম্প্রদায়িক শক্তি, নিরাপত্তার জন্যে হুমকি। জামায়াতে ইসলামীর সাথে পাকিস্তানের সম্পর্ক রয়েছে, আইএসআই'য়ের সম্পর্ক রয়েছে। এ নিয়ে আ'লীগ ও বিজেপি একমত হয়েছে।"
রাজ্জাক বলেন, "আমরা ৭ তারিখে ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে ভারত সফরে যাই। ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধের পরে ভারতের সাথে সম্পর্ক অনেক চড়াই উৎরাই পেরিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক উঁচুতে।
"শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অভাবনীয়ভাবে। অতীতে বাংলাদেশের মাটি ব্যবহার করে ১০ ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পাঠানো হয়। কিন্তু এখন বাংলাদেশ এক ইঞ্চি মাটিও কাউকে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। শেখ হাসিনার এমন পদক্ষেপ তারা (বিজেপি) সন্তুষ্ট।"
সফরের প্রথম দিন ৭ অগাস্ট ভারতীয় জনতা পার্টি-বিজেপির প্রেসিডেন্ট শ্রী জেপি নাড্ডা, জেনারেল সেক্রেটারি শ্রী বিনোদ তড়ে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের সঙ্গে বৈঠক হয় আওয়ামী লীগ প্রতিনিধি দলের।
বিজেপির সভাপতির সঙ্গে বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা, জঙ্গিবাদ দমন ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয় বলেন জানান রাজ্জাক।
তিনি বলেন, এ অঞ্চলে ‘রাজনৈতিক স্থিতিশীলতা ও সন্ত্রাস দমনের স্বার্থে’ অতীতের মত আগামীতেও আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আগ্রহের কথা বিজেপি প্রেসিডেন্ট বলেছেন। আর বিজেপির জেনারেল সেক্রেটারি বলেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দুই বন্ধুপ্রতীম দল ‘এ সম্পর্ক অটুট রাখতে’ কাজ করে যাবে।
রাজ্জাক জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ‘দুই দেশের মধুর সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বেশি উচ্চতায়’ পৌঁছেছে, সে কথা বৈঠকে বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। আর ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল আশ্বস্ত করেছেন, খাদ্যশস্য রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি ভারত ‘সক্রিয়ভাবে বিবেচনা’ করবে।
একইসঙ্গে ভারত যাতে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারে, সেজন্য পীযূষ গয়াল আওয়ামী লীগের প্রতিনিধি দলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন বলে জানান রাজ্জাক।
তিনি বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তালিকা প্রস্তাবের অনুরোধ করেছেন। আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোর বিষয়টিও তিনি বলেছেন।
প্রতিনিধি দলের ৫ সদস্য ছাড়াও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও উপ-প্রচার সম্পাদক আব্দুল আওয়াল শামীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
