৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

দ্বিতীয় সারির দল নিয়ে সাফ খেলতে ঢাকায় আসছে ভারত

ভারতের ২৮ সদস্যের স্কোয়াডের অধিকাংশই যুব দলের এবং দলটির কোচের দায়িত্বও পালন করবেন অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 01:48 AM

Updated : 31 Oct 2026, 02:24 AM

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন ফের্নান্দেজ-এই অভিজ্ঞদের সাথে যুব দলের অধিকাংশই ঠাঁই পেয়েছেন দলে। সাফে ভারতের ডাগআউটেও থাকবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত এই প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন। উদ্বোধনী দিনে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, ১১ নভেম্বর তারা মুখোমুখি হবে মালদ্বীপের।

মূলত ১১ ও ১৫ নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও আছে ভারতের। কোচ খালিদ জামিল মূল দল নিয়ে খেলবেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। তাই সাফে ভারতের ডাগআউটে থাকবেন মুসা। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালে কোচের দায়িত্ব পালন করা বিবিয়ানো ফার্নান্দেজ থাকবেন মুসার সহকারী।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ভারতের ১৮ জন খেলোয়াড় ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বাকি ১০ জন পরবর্তী দিনগুলোতে দলে যোগ দেবেন।

ভারত দল:

গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সুর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরওয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।