চূড়ান্ত লড়াই কাল থেকে: হরতালের ডাক দিয়ে গণতন্ত্র মঞ্চ
“বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে জনতার ঢল দেখে ক্ষমতাসীনদের বুকে কাঁপন ধরে গেছে” বলেন গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক।
বিএনপির সঙ্গে সংহতি জানিয়ে রোববার সারাদেশে হরতাল পালনের ঘোষণা দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ। এদিন থেকেই ‘চূড়ান্ত লড়াই’ শুরু হবে ঘোষণা দিয়েছে সরকারবিরোধী এই জোট।
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের শরিক ভাসানী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সমাবেশে আসার পথে হামলা হয়েছে উল্লেখ তিনি বলেন, “আইয়ুব-মোনায়েমকেও হার মানিয়েছে শেখ হাসিনার সরকার। আমাদের ওপর বেশ কয়েকবার হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই প্রতিবাদে আগামীকাল দিনব্যাপী সারাদেশে হরতাল। সবাই হরতাল পালন করুন।
‘আগামীকাল থেকে আমাদের চূড়ান্ত লড়াই শুরু হবে’ মন্তব্য করে তিনি বলেন, “প্রতিরোধ গড়ে তুলেছি, আগামীকাল সারাদিন প্রতিরোধ গড়ে তুলব। আমাদের পরবর্তী কর্মসূচি আগামীকাল ঘোষণা করব।"
লড়াই শুরু হয়ে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “এই লড়াই চূড়ান্ত লড়াই। আজ এখান থেকে এই সরকারের পতনের কর্মসূচি ঘোষণা করব।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনও বর্তমান সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি ও আওয়ামী লীগে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে দুপুরের আগে আগে ঘটে যায় তুলকালাম।
বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
দুপুরে পুরো কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রধান বিচারপতির বাসভবন থেকে নাইটিঙ্গেল মোড় এলাকা পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশের মাইক বন্ধ হয়ে যায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা বসে পড়েন।
১০ মিনিটের ব্যবধানে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডের তোপের মুখে পুরো এলাকা নেতাকর্মী শূন্য হয়ে পড়ে। বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেমে যান মঞ্চ থেকে। তখনই রোববার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণসমাবেশে’ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “আমরা যতবারই সমাবেশ নিয়ে কথা বলেছি, ততবারই পরিষ্কার করেছি- আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। কিন্তু সরকার জানে, সমাবেশ করতে দিলে তারা ক্ষমতায় টিকতে পারবে না। সেজন্য জনগণের মনে ভয় সৃষ্টির চেষ্টা করছে। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করেছে।"
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সরকার এবং সরকারি দল সকাল থেকে এই শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে।
“বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে জনতার ঢল দেখে ক্ষমতাসীনদের বুকে কাঁপন ধরে গেছে। ভয় পেয়ে তারা সকাল থেকে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।"
নাগরিক ঐক্যের শহিদুল্লা কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের তানিয়া রব, গণতন্ত্র মঞ্চের শহিদুদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমও এ সময় বক্তব্য রাখেন।
