ঘরে শুয়ে না থেকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন, নেতাকর্মীদের প্রতি কাদের
“নির্বাচন উৎসবমুখর হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা শেখ হাসিনার চ্যালেঞ্জ,” বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়ে যাচ্ছে ভেবে ঘরে শুয়ে না থেকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার বিকালে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “খেলা হবে, সবাই ৭ তারিখে আসবেন, নানক ভাই তো জিতবেই, ফেরদৌস ভাই তো জিতবেই, নাসিম ভাই তো জিতবেই, কামরুল ভাই তো জিতবেই, সেলায়মান ভাই তো জিতবেই, আরাফাত ভাই তো জিতবেই- এই ভেবে ঘরে শুয়ে থাকবেন না, এটা ভেবে বসে থাকলে ভোট কেন্দ্রে আসবে কারা?
“নির্বাচন উৎসবমুখর হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা শেখ হাসিনার চ্যালেঞ্জ। খুলনায় জোয়ার, বরিশালে জোয়ার, সারা বাংলায় জনতার জোয়ার।”
বিরোধীরা কেন্দ্রে বিশৃঙ্খলা করতে আসলে কঠোর জবাব দেয়া হবে জানিয়ে কাদের বলেন, “ভোট কেন্দ্রে দলে দলে আসবে ভোটার, নির্বাচন বিরোধীরা… আগুন নিয়ে আসো ওই হাত পুড়িয়ে দেব; অস্ত্র নিয়ে আসো, সেই হাত ভেঙেচুরে দিব।”
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি স্বাধীনতা বিরোধী, লুটেরা, দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারী। তাদের স্থান বাংলার মাটিতে হবে না। যারা আমার প্রিয় জন্মভূমিকে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তান বানাতে চায়, তাদের স্থান বাংলার মাটিতে হবে না।
“খেলা হবে…। জোরদার খেলা হবে। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে, অবরোধের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে এক সাথে, ৭ তারিখে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা। ৭ তারিখে জিতবে কারা, শেখ হাসিনার কর্মী তারা। ফাইনাল খেলা। বিএনপি ২৮ তারিখ গভীর খাদে পড়ে গেছে। এখন এ ওকে দোষ দেয়, ও একে দোষ দেয়।”
ওবায়দুল কাদের বলেন, “আজকে এরা মুসলমানদের সোল এজেন্ট বলে দাবি করে, অথচ ফিলিস্তিনে গাজায় যখন গণহত্যা চলে তখন একটি কথা, একটি মিছিলও দেখলাম না। বিএনপি একটা স্লোগানও তুলল না।
“ফখরুল তারেককে বলেন- শেখ হাসিনা তো মাঠ নিয়ে নিল, কেমনে নিল? …ফখরুল যা বলেন তার জবাবে ওই দন্ডিত পলাতক খুনি, তারেক জিয়া বলেন, ‘আরে রাখো তোমার ফিলিস্তিন, ফিলিস্তিন রাখো। আমার দরকার ইউরোপ, আমার দরকার আমেরিকা, এরা খুশি না হলে আন্দোলন করে লাভ কি?’ এই হচ্ছে জিয়াউর রহমানের কুলাঙ্গার সন্তানের পরিচয়। এই এই তারেকরা চিরজীবনের জন্য এই রক্তেভেজা, এই স্বাধীন বাংলাদেশে বস্তাপচা পাকিস্তান মার্কা, আফগানিস্তান মার্কা রাজনীতি করে, এটা আর হবে না।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী নায়ক ফেরদৌস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।
