তারেক রহমানকে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান নানকের
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের সংসদে আনা কেন হয়েছিল, তা মির্জা ফখরুলের কাছে জানতে চান নানক।
আওয়ামী লীগের সমাবেশে ২১ অগাস্টের গ্রেনেড হামলায় দণ্ডিত তারেক রহমানকে বাংলাদেশে পাঠাতে যুক্তরাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীল সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এমন দাবি জানান তিনি।
ভয়াবহ ২১ অগাস্টের ঘটনা তুলে ধরে তিনি বলেন, "২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধুকন্যাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এই রাজপথে রক্তের প্লাবন বইয়ে দিয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সেদিন হত্যার লীলাভূমিতে পরিণত করেছিল তারেক রহমান। সেদিন খালেদা জিয়ার সরকারের শাসনামলে কেন হাওয়া ভবন সরকার গঠন করা হল খুনি তারেকের নেতৃত্বে। তার পরিকল্পনায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশে একটি, দুইটি, পাঁচটি নয়; ১৪টি গ্রেনেড নিক্ষেপ করা হল।
“শেখ হাসিনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। সেদিনের রক্তের বন্যা বইয়ে দিয়েছিল। নেতাকর্মীরা মানবঢাল দিয়ে তাকে রক্ষা করে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন তার গাড়িতে বেপরোয়া গুলিবর্ষণ করা হল। এই তো ছিল বিএনপির ইতিহাস।”
এসময় তিনি বিএনপি নেতা তারেক রহমানকে বাংলাদেশ পাঠিয়ে দেয়ার জন্য যুক্তরাজ্যের কাছে দাবি জানান।
যুক্তরাষ্ট্র ও কানাডার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় বিস্ময় প্রকাশ করে নানক বলেন, “দেশ দুটি মানবাধিকার, গণতন্ত্র ও সভ্যতার কথা বলে আর খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয়। সেটা ধিক্কার জানানোর ভাষা জানা নেই।”
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, "মির্জা ফখরুল বলেছেন, জিয়া বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত নয়। আমরা প্রশ্ন রাখতে চাই, বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সর্বোচ্চ সুবিধাভোগী কে হয়েছে? সেই সুবিধাভোগী জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জেনারেল জিয়া অবৈধভাবে আইন লঙ্ঘন করে সেদিন হ্যাঁ-না ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আত্মস্বীকৃত খুনিদের এমপি বানিয়ে এনেছিলেন।
“মির্জা ফখরুল জবাব দেবেন কী কারণে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের সংসদে এনেছিল।“
ওই সময়ের কথা তুলে ধরে নানক বলেন, “যখন খুনিদের বিরুদ্ধে জাগরণ- গণধিক্কার সৃষ্টি হয়েছে, তখন খুনিদের বিশেষ বিমানে বিদেশে কে পাঠিয়েছিল? সে জিয়াউর রহমান। বিভিন্ন দূতাবাসে চাকরি কে দিয়েছিল। জিয়াউর রহমান।“
আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী পদেক্ষেপ ‘সর্বজনীন পেনশন স্কিম’ চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
মানববন্ধনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, "বাঙালি জাতির জীবনে শান্তি সৃষ্টি করতে হলে, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের মুল্যবোধকে বাঁচাতে হলে ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে হলে সেই খালেদা-তারেকের হাত থেকে দেশকে বাঁচাতে হলে, পঁচাত্তরের খুনিদের এবং ২১ অগাস্টের খুনিদের অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে হবে। তা না হলে বাংলাদেশ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়।“
যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শারমিন সুনতানা লিলি সঞ্চলনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
