২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি স্থগিত করল আওয়ামী লীগও

আওয়ামী লীগ ও যুবলীগ তাদের কর্মসূচির তারিখ পরে জানাবে

কর্মসূচি স্থগিত করল আওয়ামী লীগও

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 04:17 PM

Updated : 09 Feb 2023, 04:17 PM

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিপুল প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে বৃহস্পতিবার ’শান্তি সমাবেশ’ কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ।

বৃহস্পতিবার ঢাকার পল্লবীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ করার কথা ছিল। এছাড়া গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি পালনের কথা ছিল।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পি এক সংবাদ বিজ্ঞপ্তিততে কর্মসূচি স্থগিতের এই এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, “মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।“

পুরনো খবর:

তুরস্কে ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের ‘পদযাত্রা’ স্থগিত

যুবলীগের উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপতিতে বলা হয় তুরস্কে ও সিরিয়ার প্রাণহানির ঘটনায় বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালনের সাথে সংহতি জানিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল ‘শান্তি সমাবেশ’ স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির তারিখ পরে জানান হবে।

সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপিরও ছিল এদিন ‘পদযাত্রা’ কর্মসুচি ছিল। তুরস্ক-সিরিয়া পরিস্থিতির কারণে সকালে সেই কর্মসূচি স্থগিত করার কথা জানানো হয়।