২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের ‘পদযাত্রা’ স্থগিত

এই কর্মসূচির তারিখ পরে জানানো হবে এবং ১২ ফেব্রুয়ারি ঢাকার আরেক পদযাত্রার কর্মসূচি বহাল থাকবে।

তুরস্কে ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের ‘পদযাত্রা’ স্থগিত

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 09:43 AM

Updated : 09 Feb 2023, 09:43 AM

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হাজারো মানুষের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকায় বৃহস্পতিবার দুপুরের ‘পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, অনেকে এখনো মাটি চাপা পড়ে আছেন। এরকম মানবিক বিপর্যয়ে গভীর শোক, সহমর্মিতায় আমরা আজকের কর্মসূচি স্থগিত করেছি।”

বৃহস্পতিবার বিকালে মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ থেকে ‘নীরব পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়ে আরামবাগ, ফকিরের ‍পুল মোড়, দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হওয়ার কথা ছিল।

এই কর্মসূচির তারিখ পরে জানানো হবে এবং ১২ ফেব্রুয়ারি ঢাকার আরেক পদযাত্রার কর্মসূচি বহাল থাকবে বলে জানান সালাম।  

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ ১০ দফা এবং বিদ্যুৎ-গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে বিএনপি পদযাত্রার এই দুই দিনে কর্মসূচি ঘোষণা করেছিল। ১২ ফেব্রুয়ারির পদযাত্রা হবে শ্যামলী ক্লাব মাঠ থেকে বছিলা মোড় পর্যন্ত ।

এর আগে রাজধানীতে আরো চারটি পদযাত্রার কর্মসূচি পালন করে বিএনপি। গত ১ ফেব্রুয়ারি কমলাপুর-মালিবাগ রেলগেইট বাজার, ৩১ জানুয়ারি গাবতলী-মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী-জুরাইন রেলগেইট এবং ২৮ জানুয়ারি বাড্ডার সুবাস্তু টাওয়ার-মালিবাগের আবুল হোটেল পর্যন্ত ‘নীরব পথযাত্রা’ কর্মসূচি করে বিএনপি।