আইএমএফের কথায় সারের দাম বাড়িয়েছে সরকার: ফখরুল
‘কৃষকদের বাঁচাতে’ সরকার পরিবর্তনের কথা বলেছেন বিএনপি মহাসচিব।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইএমএফের শর্তে পুরণ করতেই সরকার সারের দাম বাড়িয়েছে।
বুধবার বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ইফতার মাহফিলে একথা বলেন তিনি।
এক সময়ের কৃষি প্রতিমন্ত্রী ফখরুল বলেন, “আজকে কৃষকরা ভালো নেই। তারা যে ফসল উৎপাদন করে, খরচ আজকে এতটা হিসাবের বাইরে চলে গেছে যে তারা কুলিয়ে উঠতে পারছে না।
“আপনারা দেখেছেন, কয়েকদিন আগে এই সরকার যারা আইএমএফের ঋণ কারণে, শর্তের কারণে তারা প্রতি কেজি সারের দাম পাঁচ টাকা বাড়িয়ে দিয়েছে।”
কৃষি পণ্যের উৎপাদন ব্যয়ের চেয়ে বাজার মূল্য কম হলে কৃষকের টিকে থাকা মুশকিল হবে বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “ধানের দাম যা নির্ধারণ করা হয়েছে, সারের দাম যেভাবে বাড়ছে, উপকরণের দাম যেভাবে বাড়ছে এবং খাদ্যদ্রব্যের দাম এমন ভাবে বেড়ে গেছে যে, কৃষকদের পক্ষে কোনোভাবে টিকে থাকা সম্ভব নয়।”
‘কৃষকদের বাঁচাতে’ সরকার পরিবর্তনের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আসুন আজকে আমরা যে যেখানে আছি, পেশাজীবী, রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষ সকলকে আহ্বান জানাব, সকলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের দেশকে আরেকবার মুক্ত করি।
“দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করি।”
ঢাকার ইস্কাটনে লেডিস ক্লাবে এ্যাবের এই ইফতার মাহফিলে লন্ডন থেকে স্কাইপে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে, এ্যাব নেতা বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার, জহির উদ্দিন স্বপন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কৃষিবিদ ইব্রাহিম খলিল, ফজলুল হক ভুঁইয়া, ড. সারোয়ার হোসেন, অধ্যাপক রুহুল আমিন, ড. নাজনীন সুলতানা, অধ্যাপক জি কে মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। পরে কৃষিবিদদের নিয়ে ইফতার করেন বিএনপি মহাসচিব।
