২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগেই নেতাদের মুক্তি দাবি বিএনপির

রমজানের আগেই ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি নেতাদের মুক্তি দাবি করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় গ্রেপ্তার হয়ে বন্দি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন দাবি করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “রমজান সমাগত। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভীসহ অনেক নেতা চিকিৎসাবঞ্চিত অবস্থায় কষ্টের মধ্যে কারাগারে আছেন। অসংখ্য কর্মী দীর্ঘদিন ধরে কারাগারে।

“সরকারের কাছে আহ্বান জানাব, সব নেতা-কর্মীদের রমজানের আগেই মুক্তি দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মাণে ভূমিকা পালন করবেন।”

৫ জানুয়ারির লাগাতার অবরোধের আগে-পরে সহিংসতার বিভিন্ন মামলায় বিএনপির নেতারা কারাবন্দি। খন্দকার মোশাররফের বিরুদ্ধে রয়েছে মুদ্রা পাচারের মামলা।  

বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার নিন্দাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

রিপন বলেন, “মনগড়া ও কাল্পনিক অভিযোগ দিয়ে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও এরকম মিথ্যা অভিযোগ থেকে রেহাই পাননি।

“ময়লার গাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ আনা হয়েছেন এমন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে, যা সামঞ্জস্যপূর্ণ নয়। অভিযোগগুলো একেবারেই অবাস্তব ও অবান্তর। বিএনপি এ জাতীয় রাজনীতি করেনি, বিশ্বাসও করে না।”

নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতার পরিবর্তনে বিএনপি বিশ্বাস করে না, বলেন সাবেক ছাত্র নেতা রিপন।

বিরোধী দলের উপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিরোধী দল হচ্ছে সরকারের গণতন্ত্রের অভিযাত্রার সহযোগী। আজ সেখানে তারা বিরোধী দলকে যদি শত্রু মনে করে, বিরোধী দলকে ধ্বংস করে দেওয়ার চিন্তা করে, তাহলে গণতন্ত্রই ধ্বংস হয়ে যায়।”

নয়া পল্টনে দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রিপনের সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত সোহরাবউদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, নাজিমউদ্দিন আলম প্রমুখ।

পুরনো খবর:

ফখরুলসহ কারান্তরীণ নেতাদের অবস্থা ‘সংকটাপন্ন’: বিএনপি
কারাবন্দি অসুস্থ নেতাদের মুক্তি দাবি খালেদার