২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলসহ কারান্তরীণ নেতাদের অবস্থা ‘সংকটাপন্ন’: বিএনপি

কারাগারে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অসুস্থ একাধিক বয়োঃজ্যেষ্ঠ নেতার অবস্থা ‘সংকটাপন্ন’ বলে মানবিক কারণে তাদের জামিনে মুক্তি চেয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের কাছে এই দাবি জানান দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, “কারাগারের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। সেখানে জটিল রোগের সুচিকিৎসা ও সঠিক ঔষধও পাওয়া যায় না। ফলে বিরোধী দলের ষাটোর্ধ্ব নেতারা নানা জটিলতায় ভুগছেন।

“এক্ষেত্রে আমরা সরকারের কাছে মানবিক আচরণ প্রত্যাশা করছি। জামিন দিলে জাতীয় নেতারা কেউ পালিয়ে যাবেন না। তাদের মানবিক কারণে মুক্তি দিন।”

বিএনপির এই নেতার দাবি, কারাগারে মির্জা ফখরুল ‘অত্যন্ত পীড়িত’ ও তার অবস্থা ‘সংকটাপন্ন’। তাছাড়া দলের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, শমসের মবিন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও রুহুল কবির রিজভী, মোসাদ্দেক আলী ফালুর অবস্থাও তার মতোই।

“আমরা সরকারের কাছে মানবিক দাবি জানাতে চাই, দেশে এখন কোনো রাজনৈতিক আন্দোলন নেই; কর্মসূচি নেই। আপনাদের উপর কোনো চাপও নেই। তারপরও আপনারা বিরোধী দলকে কোনঠাসা করতে এমন আচরণ কেন করছেন? অনতিবিলম্বে দলের কারাবন্দি ভারপ্রাপ্ত মহাসচিবসহ অসুস্থ নেতাদের মুক্তি দিন।”

নেতাদের জামিনে মুক্তির দাবির পক্ষে যৌক্তিকতা তুলে ধরে দলের মুখপাত্র বলেন, “ভারপ্রাপ্ত মহাসচিবের কাঁধের ধমনীতে ব্লক ধরা পড়েছে অনেক আগে। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ কয়েকটি রোগে আক্রান্ত। আমরা জানতে পেরেছি, সম্প্রতি তার ওজন ১৫ কেজি কমে গেছে। ড. মোশাররফ হোসেন কারাগারের বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছেন।”

১০ মে গাজীপুরের কাশিমপুর কারাগারে বাথরুমে পড়ে যান ৬৮ বছর বয়সী বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তবে তিনি জখম হননি এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

একই কারাগারে থাকা মির্জা ফখরুলও সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

যেসব ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে কোনোভাবেই তাদের সম্পৃক্ততা নেই দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, “বিরোধী দলের নেতারা মামলার ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন।

“সরকারের এক সময়ের মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও ‘বিশিষ্ট মুক্তিযোদ্ধা’ সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াসহ এরকম সিনিয়র নেতাদের বিরুদ্ধে অনেক মামলা দেওয়া হয়েছে।

“আমরা বলতে চাই, এভাবে মামলা দিয়ে নেতৃবৃন্দকে ক্রাশ (ধ্বংস) করা যাবে না। সরকার কি চায়, বিরোধী দলের নেতারা কারাগার থেকে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মতো লাশ হয়ে বেরিয়ে আসুক?”

বিএনপিসহ বিরোধী জোটের নেতাদের জামিন ঠেকাতে সরকার নিম্ন আদালতগুলোতে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, “গতকাল প্রধান বিচারপতি নিজেই এক সভায় বলেছেন, নিম্ন আদালত যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বে থাকে, বিচারিক প্রশাসন নির্বাহী বিভাগের কথায় চলে তাহলে সঠিকভাবে নিম্ন আদালত বিচারিক কাযর্ক্রম পরিচালনা করতে পারে না। প্রধান বিচারপতির এই পযর্বেক্ষণ থেকে বুঝা যায়, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

“সমাজে এক নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার মনে করছে, তারা সব কিছুর ঊর্ধ্বে; তাদের কোনো জবাবদিহিতা নেই। এটা রাষ্ট্রের জন্য শুভ নয়।”

সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা আফজাল এইচ খান, আবদুল লতিফ খান, হাবিবুর রহমান হাবিব, মুস্তাফিজুর রহমান বাবুল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, আবু সাঈদ খান খোকন, হেলেন জেরিন খান, শাম্মী আখতার, আবদুস সালাম আজাদ ও শামসুল আলম তোফা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

‘মাথা ঘুরে’ পড়ে গেলেন কারাবন্দি মোশাররফ