২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাথা ঘুরে’ পড়ে গেলেন কারাবন্দি মোশাররফ

গাজীপুরের কাশিমপুর কারাগারে বাথরুমে পড়ে গিয়েছিলেন কারাবন্দি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 03:50 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

তবে ৬৮ বছর বয়সী এই রাজনীতিক জখম হননি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী মোশাররফ। গত বছরের ৭ জুন তাকে কাশিমপুর কারাগারে আনা হয়। এই কারাগারের চিত্রা ভবনে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রয়েছেন তিনি।

কাশিমপুরের কারারক্ষক মো. ফরিদুর রহমান রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খন্দকার মোশাররফ রোববার ভোরে বাথরুমে ওজু করে দাঁড়াতে গিয়ে হঠাৎ পড়ে যান।

কোথাও জখম না হলেও তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসক ডাকা হয় বলে এই কারা কর্মকর্তা জানান।

বিএনপি নেতাকে দেখে এসে কারা চিকিৎসক মো. শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তবে জখম বা আহত হননি। বর্তমানে তিনি সুস্থ আছেন।”

Image
খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ বিএনপিতে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে নামেন। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য।

১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় ছিলেন কুমিল্লার দাউদকান্দি থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মোশাররফ।

কাশিমপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন বিএনপি নেতা রয়েছেন। সম্প্রতি মির্জা ফখরুলও অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

কারাবন্দি বিএনপি নেতারা সুচিকিৎসা পাচ্ছেন না বলে বিএনপির অভিযোগ। ফখরুল অসুস্থ হওয়ার পর বিএনপির সংবাদ সম্মেলনে অসুস্থ হিসেবে যে কজন নেতার নাম বলা হয়েছিল, তার মধ্যে খন্দকার মোশাররফও ছিলেন।

পুরনো খবর:

কারাবন্দি নেতারা সুচিকিৎসা পাচ্ছেন না: বিএনপি