কারাবন্দি অসুস্থ নেতাদের মুক্তি দাবি খালেদার
সুচিকিৎসার অভাবে বিএনপির কারাবন্দি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন খালেদা জিয়া।
কারাবন্দি নেতাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে দৈহিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
সম্প্রতি কারাগারে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যু এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হওয়ার প্রেক্ষাপটে খালেদার এই বিবৃতি এসেছে।
ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, মোসাদ্দেক আলী, লুৎফুজ্জামান বাবর, আসলাম চৌধুরী, আবদুস সালাম পিন্টু, আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন বলে বিএনপির দাবি।
খালেদা বলেন, “আটকাবস্থায় বেআইনি ও উদ্দেশ্যমূলকভাবে নেতাদের দফায় দফায় রিমান্ডে নিয়ে অনেকের ওপর দৈহিক ও মানসিক নিযার্তন চালানো হয়েছে। কারাগারে তারা নানা রোগে আক্রান্ত। সুচিকিৎসার অভাবে তারা অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
“আমি দাবি করছি, বিএনপিসহ বিরোধী দল-মতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হোক। বিশেষ করে আমি অসুস্থ সিনিয়র নেতাদের মুক্তি ত্বরান্বিত করার দাবি জানাচ্ছি।”
বিএনপির এই নেতাদের মধ্যে অধিকাংশই হরতাল-অবরোধে নাশকতার বিভিন্ন মামলার আসামি। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ মুদ্রা পাচারের মামলায় কারাগারে রয়েছেন।
খন্দকার মোশাররফের মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, “অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে যাওয়ার পরও তার তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। এসব ঘটনা তাদের পরিবার ও আমাদের জন্য গভীর উদ্বেগের।”
সরকারের সমালোচনা করে খালেদা বলেন, “দেশে বর্তমানে আইনের প্রয়োগ, তদন্ত ও বিচার প্রক্রিয়াকে ক্ষমতাসীনদের ইচ্ছের বাহনে পরিণত করা হয়েছে। আইন তার স্বাভাবিক গতিতে চললে এবং আইনের শাসন ও সুবিচারের সুযোগ থাকলে এসব ঘটনা ঘটতে পারত না।”
