২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থানীয় সরকার নির্বাচনে মাতামাতি নজিরবিহীন’

বাংলাদশে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জাতিসংঘসহ অন্যান্য বন্ধু রাষ্ট্রের মাতামাতি নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর শুটকির মোড়ে দুর্ঘটনাপ্রবণ বাঁক সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচন বর্জন বিএনপির পরিকল্পিত উল্লেখ করে মন্ত্রী বলেন, যেভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছিল তাতে শেষ পর্যন্ত বিএনপি ভোটের লড়াইয়ে টিকে থাকলে প্রতিদ্বন্দ্বিতা করে অন্তত একটি সিটিতে হলেও তারা জয়লাভ করতে পারত।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি আগে থেকে নির্বাচন বর্জনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে তিনি দাবি করেন।

শেখ হাসিনার সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনই নিরেপেক্ষ ও স্বচ্ছ হয়েছে বলেই সাতটি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে ৫ টিতে বিএনপি এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

দেশের মানুষের প্রতি বিএনপির আস্থা নেই বলে তারা বিদেশি বন্ধুদের বার বার ভুল বুঝিয়ে যেকোনো নির্বাচনে নাক গালাতে উদ্বুদ্ধ করছেন বলে দাবি কাদেরের।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।