২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার চলন্ত গাড়িতেও হামলা

আগের দুই দিনের মতো রাজধানীতে আবার আক্রান্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 05:48 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

পুরনো খবর:

দেখি, সরকার কত দূর যায়: বিএনপি
আমাকে হত্যা করতে গুলি চালানো হয়: খালেদা
আর ‘নাটক’ করবেন না: খালেদাকে হাসিনা
কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলা
খালেদার গাড়িবহরে ঢিল
সেই গাড়িতে চড়েই প্রচারে খালেদা

বুধবার বিকালে চলন্ত অবস্থায় বাংলা মোটরে হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই নয়া পল্টনে গিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন খালেদা জিয়া।

ভোটের প্রচারে আর না বেরিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের নয়া পল্টনের কার্যালয়ে ডেকে পাঠান তিনি। পরে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানান তার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

হামলায় খালেদার গাড়ির কাচ ভেঙেছে, ভাংচুর হয়েছে বহরে থাকা তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের গাড়িও। হামলাকারীরা বেধড়ক পিটিয়েছে সিএসএফ সদস্যসহ কয়েকজনকে।

সিটি নির্বাচনের প্রচারের জন্য অন্য দিনের মতোই বিকালে গুলশানের বাসা থেকে গাড়িবহর নিয়ে বের হন বিএনপি চেয়ারপারসন। বাংলা মোটর এলাকায় একদল যুবক লাঠিসোঁটা ও হকি স্টিক নিয়ে অতর্কিত হামলা চালায়।

নিজের নিশান গাড়িটিতে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। খালেদা গাড়ির যে পাশে বসেছিলেন, সে পাশে পেছনের কাচটি ভাঙা হয়েছে। গাড়ির বাম্পারও ভেঙে পড়েছে হামলায়।

বিকাল সোয়া ৫টার পর সেখানে ট্রাফিক সিগন্যালে থেমে ছিল খালেদার গাড়িবহর। সিগন্যাল উঠলে গাড়ি রওনা হওয়ার সময় কনকর্ড টাওয়ারের সামনে ৩০/৪০ যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে গাড়ির দিকে ধেয়ে আসে।

হামলাকারীদের দেখে নিরাপত্তা রক্ষীরা খালেদার গাড়ি ঘিরে ফেলে। এর মধ্যেই লাঠি ও হকি স্টিক দিয়ে বিভিন্ন গাড়িতে সমানে আঘাত চলে। সিএসএফের চারটি গাড়ির সঙ্গে বেসরকারি দুটি টেলিভিশনের গাড়িও ভাংচুর হয়।

হামলার মধ্যেই গাড়িগুলো গতি বাড়িয়ে শেরাটন হোটেলে দিকে চলে যায়। তবে একটি গাড়ির চালক আব্দুল মান্নান এবং সিএসএফ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সামিউল ইসলামকে সড়কে ফেলে পেটায় হামলাকারীরা। দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।  

গাড়িবহরের সঙ্গে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল কাইয়ুমসহ কয়েকজনও আহত হন।

হামলার পর রূপসী বাংলা মোড় হয়ে গাড়িবহর নিয়ে নয়া পল্টনের দিকে যান খালেদা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ থেমে পল্টন থানার মোড় ঘুরে এসে কার্যালয়ে ঢুকে পড়েন তিনি।

এসময় কার্যালয়ের সামনে জড়ো হওয়া কয়েকশ’ নেতা-কর্মী ‘খালেদা জিয়ার উপর হামলা কেন-শেখ হাসিনা জবাব চাই’, ‘খালেদা জিয়া এগিয়ে চল, আমরা আছি তোমার সাথে’ স্লোগান দিচ্ছিল।

কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারে যান বিএনপি চেয়ারপারসন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কার্যালয়ের ভেতরে।

এরপর দলীয় নেতা এবং আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে আহত কয়েকজনকে দেখে বাসায় ফেরেন খালেদা জিয়া।

সোমবার কারওয়ান বাজারে ব্যাপক হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই সিটি নির্বাচনের প্রচারে মঙ্গলবার বেরিয়েছিলেন খালেদা। সেদিনও ফকিরাপুলে তার গাড়িবহর হামলার মুখে পড়ে।

তার আগে রোববার রাজধানীর উত্তরায় বাধার সম্মুখীন হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসার পর শনিবার থেকে ঢাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন খালেদা।

কারওয়ান বাজারে গাড়িবহরে হামলা তাকে হত্যার উদ্দেশ্যে বলে খালেদা জিয়া দাবি করেছেন। অন্যদিকে একে ‘নাটক’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই হামলা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।

এবারও পাল্টাপাল্টি অভিযোগ

সোমবারের মতো বুধবারের হামলা নিয়ে বিএনপি ও সরকার সমর্থকরা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে।  

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ছাত্রলীগের কয়েকজনের উপর উঠিয়ে দিয়েছিল বলে রমনা থানায় অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

অন্যদিকে বিএনপির পক্ষে সাবেক পুলিশ প্রধান প্রধান আবদুল কাইয়ুম সরকার সমর্থক অস্ত্রধারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাসান মামলার জন্য একটি লিখিত অভিযোগ থানায় জমা দেন।

তিনি বলেছেন, নির্বাচনী কাজে শাহবাগ যাওয়ার জন্য ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বাংলা মোটরে অপেক্ষা করার সময় খালেদা জিয়ার গাড়িবহর তাদের উপর উঠিয়ে দেয়। এতে তারা কয়েকজন আহত হয়। এসময় প্রতিবাদ করলে খালেদা জিয়ার নিরাপত্তার দাযিত্বে থাকা কয়েকজন এসে তাদের মারধর করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের তিনজন প্রাথমিক চিকিৎসাও নিয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক সেন্টু দাস।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাইয়ুমের অভিযোগে বলা হয়েছে, বাংলা মোটরে অস্ত্রধারী যুবকরা খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় এবং ভাংচুর করে। তাদের হামলায় চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরাও আহত হন।

হামলায় খালেদা জিয়া প্রাণে বেঁচে যান বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।

রমনা থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে মামলাও হতে পারে।”