খালেদার গাড়িবহরে ঢিল
কারওয়ান বাজারে হামলার একদিন বাদে ভোটের প্রচারে বেরিয়ে ঢিলের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কয়েকশ’ গজ দূরে ফকিরাপুল কাঁচাবাজারের সামনে এই গোলমাল বাঁধে। এই সময় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে ছিল বিএনপির কয়েকশ’ সমর্থক।
ওই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের এক দল সমর্থক ওই এলাকায় প্রচার চালাচ্ছিলেন।
দুই পক্ষের মধ্যে পাল্টা ঢিল ছোড়াছুড়ি শুরু হলে নেতা-কর্মীদের বেষ্টনির মধ্যে ধীরে ধীরে এগিয়ে ওই এলাকা অতিক্রম করে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।
রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর যাওয়ার সময় ফকিরাপুল কাঁচাবাজারের ফুটপাতের কাছে ৪০/৫০ জন কালো পতাকা হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘ছি ছি খালেদা’ স্লোগান দিয়ে ইট, জুতা ছুড়তে থাকে।
খালেদার গাড়ি পর্যন্ত কোনো ঢিল পৌঁছেনি। তবে কয়েকটি তার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পিকআপ ভ্যানের ওপর পড়ে।
তখন গাড়িবহরের হ্যান্ড মাইকে বলা হয়, “সাঈদ খোকনসহ স্থানীয় কাউন্সিলর প্রার্থী যুবলীগের একেএম মোমিনুল হক সাঈদের নেতৃত্বে গাড়িবহরে হামলা হয়েছে। আপনারা ২৮ এপ্রিল ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।”
এই সময় বিএনপিকর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ধাওয়া-ধাওয়ি হয়।
সাঈদ খোকনের সমর্থকরা দাবি করেন, বিএনপি সমর্থকরা বিনা উসকানিতে তাদের ওপর ইট ছোড়ে। এতে তাদের একজন আহত হন।
ফকিরাপুলের ঘটনার পর নয়া পল্টনের কার্যালয়ের সামনে দিয়ে কাকরাইলের নাইটিঙ্গে রেস্তোরাঁর কাছে এসে দিনের প্রচার শেষ করেন খালেদা।
এদিন তিনি ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালান।
আগের দিনের হামলার পর মঙ্গলবার শাহজাহানপুর, মালিবাগসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ চালান খালেদা। এদিন তার গাড়িবহরের পেছনে পুলিশের একটি ভ্যান ছিল, যা আগের দিন ছিল না।
গত শনিবার প্রচারে নেমে তিন দিন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে সোমবার রাতে ঢাকা দক্ষিণে প্রচারে নামেন খালেদা।
মঙ্গলবার কারওয়ান বাজারে তার গাড়িবহরের ওপর হামলা হয়। এজন্য বিএনপি সরকার সমর্থকদের দায়ী করলেও আওয়ামী লীগ বলছে, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা রক্ষীদের ‘বাড়াবাড়িতে’ মারামারির মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
