২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই গাড়িতে চড়েই প্রচারে খালেদা

আগের দিন হামলায় ক্ষতিগ্রস্ত নিশান গাড়িটিতে চড়েই ভোটের প্রচারে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 07:00 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

পুরনো খবর:

খালেদার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখলেন কূটনীতিকরা
খালেদার গাড়িতে ‘গুলির দাগ’ দেখালেন তার উপদেষ্টা
কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলা
আর ‘নাটক’ করবেন না: খালেদাকে হাসিনা

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে গাড়িবহর নিয়ে বের হয়ে তিনি শাহজাহানপুরে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালাচ্ছেন।

এর আগে গুলশানে তার কার্যালয়ে ওই গাড়িটি কূটনীতিকদের দেখিয়ে সোমবার কারওয়ান বাজারে হামলার বর্ণনা দেন বিএনপি নেতা মঈন খান।

এই হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি। অন্যদিকে মন্ত্রীদের বক্তব্য, অবরোধ-হরতালে নাশকতায় ক্ষুব্ধ জনতার ওপর খালেদার নিরাপত্তা রক্ষীরা চড়াও হলে মারামারি বাঁধে।

ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে কারওয়ান বাজারে গিয়ে হামলার মুখে পড়েছিলেন খালেদা জিয়া।

লাঠিসোঁটা ও ইট নিয়ে হামলায় নিশান গাড়িটির এক পাশের একটি কাচ ফেটে যায়। গাড়িতে গুলি করা হয়েছিল বলেও একটি দাগ দেখিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। হামলায় ভাংচুর হওয়া খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের গাড়িগুলো।

মঙ্গলবার খালেদার সঙ্গে প্রচারে ভাঙা মাইক্রোবাস নিয়েই বেরিয়েছেন তার নিরাপত্তার রক্ষীরা। তবে গাড়িবহরের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও রয়েছে, যা আগের দিন ছিল না।

খিলগাঁও ফ্লাইওভার দিয়ে শাহজাহানপুর পৌঁছলে সড়কের দুই ধারে সারিবদ্ধভাবে বিএনপি কর্মী-সমর্থকরা করতালি দিয়ে খালেদাকে স্বাগত জানান। তিনি দল সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে মগ মার্কায় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।

আগের মতোই বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

গুলশান থেকে বেরিয়ে নতুন বাজার হয়ে যাওয়ার পথে রামপুরার কাছে পূর্ব হাজী পাড়ায় একটি সিএনজি স্টেশনে কিছু সময়ের জন্য থেকে জ্বালানি তেল নেয় বহরের গাড়িগুলো।