২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতীক পেয়েই জনসংযোগে মনজুর

প্রতীক পেয়েই চট্টগ্রামে প্রচারণায় নেমেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 03:12 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

পুরনো খবর:

নাছির পেলেন ‘হাতি’, মনজুরের ‘কমলা লেবু’

শুক্রবার সকালে প্রর্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

অন্য কোনো প্রার্থী দাবিদার না থাকায় পছন্দের প্রতীক কমলা লেবু পেয়েছেন মনজুর। আর আওয়ামী লীগ সমর্থক ‘নাগরিক আন্দোলনের’ প্রার্থী আ জ ম নাছির উদ্দিন লটারিতে জয়ী হয়ে পেয়েছেন হাতি প্রতীক।

‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের’ প্রার্থী মনজুর প্রতীক পাওয়ার পরপরই তা নিয়ে স্লোগান ঠিক করে ফেলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

‘কমলা লেবু তিতা নয়, মিষ্টি না হলে টক হয়’- স্লোগান এরইমধ্যে সামনে নিয়ে এসেছেন তিনি।

গত মঙ্গলবার থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় নামলেও শুক্রবার জুমার নামাজ পড়ে বাবা-মা’র কবর জেয়ারত করে প্রচারণা শুরু করেন মনজুর।

অবশ্য এ কয় দিন তার পক্ষে মাঠে ছিলেন চট্টগ্রাম বিএনপির দুই শীর্ষ নেতা নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দুপুরে নিজ এলাকা কাট্টলিতে মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ সংলগ্ন ‘তৈয়বীয়া জামে মসজিদে’ জুমার নামাজ পড়েন মনজুর আলম।

এরপর কলেজ মাঠে তিনি সাংবাদিকদের বলেন, “আগেই প্রচারণা শুরু হলেও এতোদিন প্রতীকের অপেক্ষায় ছিলাম। আজ সকাল ১০টায় প্রতীক বরাদ্দ পেলাম।”

মনজুরের জনসংযোগের শুরুতে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান তার সঙ্গে ছিলেন।

তিনি বলেন, “মনজুর আলম নির্লোভ, নির্ভেজাল ও দুর্নীতিমুক্ত মানুষ। আমরা তার নেতৃত্বে সুশাসন ও সুফল পেয়েছি। তিনি ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র মানে নাগরিকদের প্রার্থী।”

মনজুর আলম দলের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “তিনি মেয়র থাকাকালীন চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৫৬ ভাগে ৯০০ কোটি টাকার কাজ করেছেন।”

এসময় নোমান রসিকতা করে বলেন ‘কমলা লেবু তিতা নয়, মিষ্টি না হলে টক হয়। এতে ভিটামিন সি আছে। এটা খুবই উপকারী।”

এরপর নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীমসহ নেতাকর্মীদের নিয়ে লালদিয়ার চরে প্রচারণায় যান মনজুর আলম।

টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কাট্টলি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এম মনজুর আলম।

২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে নিজের ‘রাজনৈতিক গুরু’ টানা তিনবারের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি।