নাছির পেলেন ‘হাতি’, মনজুরের ‘কমলা লেবু’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন হাতি এবং বিএনপি সমর্থিত মনজুর আলম কমলা লেবু প্রতীক পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নগরীর মুসলিম হলে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
মেয়র প্রার্থী মনজুর আলম ও আরেক প্রার্থী আবুল কালাম আজাদ কমলা লেবু প্রতীক চান। পরে তাদের প্রতিনিধিরা আলোচনা করে সমঝোতায় আসেন।
প্রতীক বরাদ্দের সময় মনজুর আলমের পক্ষে তার ছেলে সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
প্রতীক পাওয়ার পর আ জ ম নাছির বলেন, “প্রতীক কী নিব তা আমার মায়ের কাছে জানতে চেয়েছিলাম। মায়ের ইচ্ছায় হাতি প্রতীক চেয়েছিলাম।”
মনজুর আলমের ছেলে সরোয়ার আলম বলেন, “আমরা কমলা লেবু প্রতীক চেয়েছিলাম। সে প্রতীক আমরা পেয়েছি। জনগণকে কমলা লেবু প্রতীকে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করার জন্যেআহ্বান জানাচ্ছি।”
এবার মেয়র পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য মেয়র প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ ডিস এন্টেনা, বিএনএফের আরিফ মঈনুদ্দিন বাস, ইসলামী ফ্রন্টের এম এ মতিন চরকা, ইসলামিক ফ্রন্টের হোসাইন মোহাম্মদ মুজিবুল হক শুক্কুর ময়ুর প্রতীক পেয়েছেন।
এছাড়া সৈয়দ সাজ্জাদ জোহা ক্রিকেট ব্যাট, ওয়ায়েজ হোসেন ভুঁইয়া টেবিল ঘড়ি, শফিউল আলম ইলিশ মাছ, সাইফুদ্দিন আহমেদ রবি ফ্লাক্স, আবুল কালাম আজাদ দিয়াশলাই এবং গাজী মো. আলাউদ্দিন টেলিস্কোপ মার্কা পেয়েছেন।
চট্টগ্রামে মেয়র পদে প্রার্থীদের মধ্যে চারজন ইলিশ মাছ প্রতীক চান। এ নিয়ে আলোচনা করেও কেউ সমঝোতায় পৌঁছাতে না পারলে লটারি হয়।
