২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোগান ‘হাইজ্যাক’ করছে বিএনপি: সিপিবি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিরুদ্ধে স্লোগান ছিনতাইয়ের অভিযোগ এনেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

‘বাসযোগ্য ঢাকা চাই’ স্লোগানটি কয়েক বছর ধরে ব্যবহার করে আসছিল সিপিবি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি এই স্লোগান নিয়ে অংশ নিতে যাচ্ছে বলে গণমাধ্যমের খবর।  

এই খবর প্রকাশের পর শনিবার সিপিবি-বাসদের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়, সিটি নির্বাচনে এই দুটি দল একজোট হয়ে মেয়র পদে দুই করপোরেশনে দুজনকে সমর্থন দিচ্ছে।

সিপিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা কমিটির সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল বলেন, “বাসযোগ্য ঢাকা চাই- স্লোগান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে তার সমর্থিতদের ‘বাসযোগ্য ঢাকা’র ব্যানার ব্যবহারের কথা বলেছে।

“বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ঢাকা সিটি করপোরেশনেও ক্ষমতায় ছিল। কিন্তু ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ অন্যদের মতো তারাও গড়ে তুলতে পারেনি, তোলেনি। তাই এই ব্যর্থতা ঢাকতে ‘বাসযোগ্য ঢাকা চাওয়া’র কথা তাদের মুখে শোভা পায় না।

“এই দেউলিয়াত্ব ঢাকতে আজ তারা নির্বাচনী ব্যানার হাইজ্যাক করার অপচেষ্টা করছে। আমরা এই রাজনৈতিক দলের এ ধরনের হীন দৃষ্টিভঙ্গী পরিহার করার আহ্বান জানাচ্ছি।”

Image
বাসযোগ্য ঢাকা চাই- স্লোগানে সিপিবির এই মিছিল কয়েক বছর আগের

বাসযোগ্য ঢাকা চাই- স্লোগানে সিপিবির এই মিছিল কয়েক বছর আগের

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাওয়ার মধ্যে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির নেতারা। বিএনপির বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে সিপিবি-বাসদও অংশ নেয়নি।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে সিপিবি নেতা আব্দুল্লাহ আল কাফী রতন এবং দক্ষিণে বাস নেতা বজলুর রশীদ ফিরোজ মেয়র পদে প্রার্থী হয়েছেন।     

সিপিবি নেতা রুবেল নির্বাচনে অর্থ ও প্রশাসনিক শক্তির অপব্যবহারের অভিযোগও তোলেন।

“প্রচারের সমসুযোগ না থাকা, অঢেল টাকায় নির্বাচনকে ঢেকে ফেলায় আমাদের সমর্থিত প্রার্থীরা হিমশিম খাচ্ছেন। সেই সময়ে আমাদের স্লোগান হাইজ্যাক করে আমাদের ওপর আরেক আঘাত হানা হয়েছে।”

সংবাদ সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, রুহুল আমিন, আব্দুল কাদের, ইদ্রিস আলী, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, জুলফিকার আলী উপস্থিত ছিলেন।