মহিউদ্দিনের অনুসারীরা হতাশ-ক্ষুব্ধ
চতুর্থ বার মেয়র হওয়ার আশায় থাকা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ইচ্ছা পূরণ না হওয়ায় চট্টগ্রামে তার সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে, ক্ষোভ থেকে হয়েছে মিছিলও।
দলীয় সিদ্ধান্ত নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পর শনিবার দিনভর প্রবীণ এই আওয়ামী লীগ নেতার চশমা হিলের বাড়িতে ছিল তার সমর্থক নেতা-কর্মীর ভিড়।
এই ভিড়ের মধ্য থেকে তাকে আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে স্লোগান দেওয়া হয়েছে, মিছিল হয়েছে বাইরে।
মুখে হাসি নিয়ে নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন বারের এই মেয়র, বলছেন, দলের সিদ্ধান্ত মেনে নিতে।
মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন নগর সভাপতি মহিউদ্দিন।
তিনবার জয়ের পর গত নির্বাচনে হেরে যাওয়া মহিউদ্দিন এবারও প্রার্থী হতে আগ্রহী ছিলেন। শুক্রবার ঢাকায় বৈঠক করে চট্টগ্রামের প্রার্থী হিসেবে নাছিরের নাম চূড়ান্ত করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এদিকে এর মধ্যেই তার বাড়িতে জড়ো হতে শুরু করেন তার সমর্থক নেতা-কর্মীরা। মহিউদ্দিনকে ঘিরে বসে তারা তাকেই প্রার্থী হতে চাওয়ার কথা জানাতে থাকে।
সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মহিউদ্দিনকে নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানিয়ে চশমা হিল এলাকায় মিছিল বের করে।
নগর আওয়ামী লীগের কমিটিতে এখনও মহিউদ্দিন অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। যুবলীগ ও ছাত্রলীগের পদে থাকা অধিকাংশ নেতাই মহিউদ্দিনের অনুসারী।
সকাল থেকে দুপুর পর্যন্ত মহিউদ্দিনের বাসায় ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক।
মহিউদ্দিনকে সমর্থন না দেওয়ায় তারা ক্ষুব্ধ হলেও দলের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসায় গণমাধ্যমের সামনে কেউ মুখ খুলতে রাজি না।
দলের সম্পাদক মণ্ডলীর এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে তো যাওয়া যাবে না। সভানেত্রী আমাদের চেয়ে হাজার গুণ ভালো বোঝেন।”
দলের সিদ্ধান্তে হতাশ কি না- এই প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, “ধরে নেন তাই।”
“যে নেত্রীকে দলীয় প্রধান করতে আশির দশকে যুবক মহিউদ্দিন চট্টগ্রাম থেকে নেতা-কর্মী নিয়ে কাঁচপুর ব্রিজ দখল করে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভানেত্রী করতে মূল ভূমিকা রেখেছিলেন, যে নেত্রীর ডাকে ৯০ ও ৯৬ এ চট্টগ্রাম বন্দর দখল করে এরশাদ, খালেদার পতন কে চূড়ান্ত রূপদান করেছিলেন, আজও সেই নেত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই চির সংগ্রামী, দৃঢ় বিপ্লবী বীর মহিউদ্দিন চৌধুরী নিজের শেষ ইচ্ছাটুকু কে গলা টিপে হত্যা করলেন।”
শনিবার দুপুরে মহিউদ্দিনের বাসায় জড়ো হওয়া এক আওয়ামী লীগ নেতা বলেন, “চট্টগ্রাম মানেই মহিউদ্দিন, মহিউদ্দিন মানেই চট্টগ্রাম। যারা তার প্রার্থিতার বিরোধিতা করেছেন, তারা নগরীর রাজনীতিতে কী অবদান রেখেছেন? ”
মহিউদ্দিনের সঙ্গে দুপুরে দেখা করতে আসেন উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক। এসময় মহিউদ্দিন হাসিমুখে তাকে মিষ্টি খেতে বলেন।
জবাবে এনামুল হক ক্ষোভ নিয়ে বলেন, “খাব না। আমি নির্বাচন করব। মেয়র পদে দাঁড়াব।”
তখন স্মিত হেসে চুপ ছিলেন মহিউদ্দিন। পরে মুক্তিযোদ্ধা অমল মিত্র বুঝিয়ে শান্ত করে এনামুল হককে নিয়ে যান।
মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থী হয়েছিলাম, প্রত্যাহার করেছি। দল আ জ ম নাছিরকে সমর্থন দিয়েছে। আমার ক্ষোভ থাকবে কেন? অনেকে অনেক কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চায়। এখানে কোনো বিভেদ নেই।”
দলের নেতা-কর্মীদের ক্ষোভ-হতাশার বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, “অনেক বিশাল দল। নেতাকর্মীর সংখ্যা সীমাহীন। কারো ক্ষোভ-হতাশা থাকলে আমি মিটিয়ে দেব।”
নগর আওয়ামী লীগের দীর্ঘ দিনের কাণ্ডারি মহিউদ্দিন ১৯৯৪ সাল থেকে পরপর তিনবারের নির্বাচিত মেয়র। ২০১০ সালেও তিনিই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
ওই বার নির্বাচনে নিজের রাজনৈতিক শিষ্য এম মনজুর আলমের কাছে মহিউদ্দিনের পরাজয়ের পেছনে নগর আওয়ামী লীগের কিছু নেতার বিরোধিতাই মূল কারণ বলে মনে করেন মহিউদ্দিনের অনুসারীরা।
