২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাছিরের পক্ষে কাজ করার ঘোষণা মহিউদ্দিনের

শেখ হাসিনা মেয়র পদে দলের পক্ষ থেকে আ জ ম নাছির উদ্দিনের নাম চূড়ান্ত করার পর তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 02:31 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

পুরনো খবর:

চট্টগ্রামে আ.লীগের প্রার্থী আ জ ম নাছির

চট্টগ্রামের তিন বারের মেয়র মহিউদ্দিনের এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা ছিল। কিন্তু শুক্রবার গণভবনে বৈঠকে চট্টগ্রাম নগর সম্পাদক নাছিরের পক্ষে অবস্থান জানান দলীয় প্রধান শেখ হাসিনা।

ঢাকা থেকে ফেরার পর মহিউদ্দিন শনিবার নগরীর চশমা হিলের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষে তাকে (নাছির) সমর্থন দেওয়া হয়েছে। তার পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করব।”

দুই-একদিনের মধ্যে নগর সাধারণ সম্পাদক নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হবে বলেও জানান তিনি।

গণভবনের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে মেয়র পদে নাছিরকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দলীয় নেতাদের নির্দেশ দেন।  

মহিউদ্দিন ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রার্থী হতে চেয়েছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক সংসদ নুরুল ইসলাম বিএসসি।

দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছেন জানিয়ে মহিউদ্দিন বলেন, “দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি।”

Image
আ জ ম নাছির উদ্দিন

আ জ ম নাছির উদ্দিন

“আমরাই জয়ী হব। আপনারা আ জ ম নাছিরকে ভোট দেবেন,” নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

টানা তিনবার নির্বাচিত মহিউদ্দিনকে হারিয়ে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বিএনপির এম মঞ্জুর আলম। এই নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়টি এখনও নিশ্চিত নয়।  

বিএনপির বিষয়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বলেন, “নির্বাচনে অংশ নেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তারা জনগণকে অনেক ভাঁওতা দিয়েছে। জনগণ অতিষ্ঠ। জঙ্গিবাদী অবস্থা থেকে সরে নির্বাচনে আসতে হবে।”

বিএনপির অংশ নিলেও দলের প্রার্থীর বিজয়ে আশাবাদী আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। তবে আমরা জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।”

এছাড়া আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে চট্টগ্রামেও নির্বাচন হবে। এখন প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন, যা চলবে ২৯ মার্চ পর্যন্ত।

মহিউদ্দিনের অনুসারীরা ক্ষুব্ধ

চতুর্থ বার মেয়র হওয়ার আশায় থাকা মহিউদ্দিন চৌধুরীর ইচ্ছা পূরণ না হওয়ায় চট্টগ্রামে তার সমর্থকদের মধ্যে হতাশা নেমে এসেছে। তারা ক্ষুব্ধ হলেও দলের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসায় গণমাধ্যমের সামনে কেউ মুখ খুলতে রাজি না।

শনিবার দিনভর নগরীর চশমা হিলে মহিউদ্দিনের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভিড় লেগে ছিল। কাউন্সিলর পদের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীও সাবেক মেয়রের সঙ্গে দেখা করেন।

নগর আওয়ামী লীগের কমিটিতে এখনও মহিউদ্দিন অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। যুবলীগ ও ছাত্রলীগের পদে থাকা অধিকাংশ নেতাই মহিউদ্দিনের অনুসারী।

সন্ধ্যায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মহিউদ্দিনকে নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানিয়ে চশমা হিল এলাকায় মিছিল করেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত মহিউদ্দিনের বাসায় ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ধর্ম বিষয়ক সম্পাদক ‍হাজী জহুর, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক।

দলের সম্পাদক মণ্ডলীর এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে তো যাওয়া যাবে না। সভানেত্রী আমাদের চেয়ে হাজার গুণ ভালো বোঝেন।”

দলের সিদ্ধান্তে হতাশ কি না- এই প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, “ধরে নেন তাই।”

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ত্যাগীরা এভাবেই হয়ত নিরবে নিভৃতে হাসিমুখে নিজের শেষ ইচ্ছাটুকু দলের তরে, দেশের জন্য গলা টিপে হত্যা করতে ভালোবাসে।

“যে নেত্রীকে দলীয় প্রধান করতে আশির দশকে যুবক মহিউদ্দিন চট্টগ্রাম থেকে নেতা-কর্মী নিয়ে কাঁচপুর ব্রিজ দখল করে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভানেত্রী করতে মূল ভূমিকা রেখেছিলেন, যে নেত্রীর ডাকে ৯০ ও ৯৬ এ চট্টগ্রাম বন্দর দখল করে এরশাদ, খালেদার পতন কে চূড়ান্ত রূপদান করেছিলেন, আজও সেই নেত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই চির সংগ্রামী, দৃঢ় বিপ্লবী বীর মহিউদ্দিন চৌধুরী নিজের শেষ ইচ্ছাটুকু কে গলা টিপে হত্যা করলেন।”

শনিবার দুপুরে মহিউদ্দিনের বাসায় জড়ো হওয়া এক আওয়ামী লীগ নেতা বলেন, “চট্টগ্রাম মানেই মহিউদ্দিন, মহিউদ্দিন মানেই চট্টগ্রাম। যারা তার প্রার্থিতার বিরোধিতা করেছেন, তারা নগরীর রাজনীতিতে কী অবদান রেখেছেন? ”

মহিউদ্দিনের সঙ্গে দুপুরে দেখা করতে আসেন উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুল হক। এসময় মহিউদ্দিন ‍হাসিমুখে তাকে মিষ্টি খেতে বলেন।

জবাবে এনামুল হক ক্ষোভ নিয়ে বলেন, “খাব না। আমি নির্বাচন করব। মেয়র পদে দাঁড়াব।”

তখন স্মিত হেসে চুপ ছিলেন মহিউদ্দিন। পরে মুক্তিযোদ্ধা অমল মিত্র বুঝিয়ে শান্ত করে এনামুল হককে নিয়ে যান।

মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রার্থী হয়েছিলাম, প্রত্যাহার করেছি। দল আ জ ম নাছিরকে সমর্থন দিয়েছে। আমার ক্ষোভ থাকবে কেন? অনেকে অনেক কথা বলে বিতর্ক সৃষ্টি করতে চায়। এখানে কোনো বিভেদ নেই।”

দলের নেতা-কর্মীদের ক্ষোভ-হতাশার বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, “অনেক বিশাল দল। নেতাকর্মীর সংখ্যা সীমাহীন। কারো ক্ষোভ-হতাশা থাকলে আমি মিটিয়ে দেব।”

নগর আওয়ামী লীগের দীর্ঘ দিনের কান্ডারি মহিউদ্দিন ১৯৯৪ সাল থেকে পরপর তিনবারের নির্বাচিত মেয়র। ২০১০ সালেও তিনিই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

ওই বার নির্বাচনে নিজের রাজনৈতিক শিষ্য মনজুর আলমের কাছে মহিউদ্দিনের পরাজয়ের পেছনে নগর আওয়ামী লীগের কিছু নেতার বিরোধীতাই মূল কারণ বলে মনে করেন মহিউদ্দিনের অনুসারীরা।