২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেতাকর্মীদের ‘সক্রিয়’ হওয়ার তাগিদ খালেদার

দুই মাস সাত দিন ধরে অবরোধ-হরতাল চালিয়ে আসা খালেদা জিয়া আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দলের ‘নিষ্ক্রিয়দের’ সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

‘কষ্ট স্বীকার করে হলেও বৃহত্তর স্বার্থে’ এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের উৎসাহও দিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে নিজের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে আমরা দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। আমার আহ্বান- যারা এখনো নিষ্ক্রিয় আছেন, তারা সক্রিয় হোন। নিজ নিজ অবস্থান ও এলাকায় আন্দোলন গড়ে তুলন। আন্দোলনের মধ্য দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলুন।”

দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে এ আন্দোলনে শরিক হওয়ারও আহবান জানান খালেদা।

৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে রাজনৈতিকভাবে অনেকটাই নাজুক পরিস্থিতিতে থাকা বিএনপিনেত্রী  বলেন, সেই ভোটের পর আন্দোলনের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত যে ‘ভুল ছিল’ তা তিনি বুঝতে পেরেছেন।

হরতাল-অবরোধে বিক্ষিপ্ত বোমাবাজি ও গাড়ি পোড়ানো এবং এসএসসি পরীক্ষা পেছানো ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব এখন আর দৃশ্যমান না হলেও ওই কর্মসূচিই চালিয়ে যাওয়ার কথা সংবাদ সম্মেলনে জানান খালেদা।

তিনি বলেন, “শ্বাসরুদ্ধকর পরিস্থিতি স্বাভাবিক করতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং একের পর এক উসকানিমূলক আচরণ করে পরিস্থিতির আরও অবনতি ঘটানো হচ্ছে। কাজেই যৌক্তিক পরিণতিতে পৌঁছানো না পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।” 

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে গত ৩ জানুয়ারি দলের নয়া পল্টনের কার্যালয়ে যেতে বাধা পেয়ে গুলশানের এই কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। সেখান থেকেই ৫ জানুয়ারি তার লাগাতার অবরোধের কর্মসূচি আসে। 

এরপর থেকে সারা দেশে নাশকতা ও সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যানবাহনে পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনায় খালেদাকে হুকুমের আসামি করে মামলাও হয়েছে। 

চলমান এসএসসি পরীক্ষার মধ্যে এ ধরনের কর্মসূচি না দিতে অভিভাবকদের দাবি থাকলেও তাতে সাড়া দেননি বিএনপি নেত্রী। পাশাপাশি ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর সমবেদনা জানাতে যাওয়া প্রধানমন্ত্রীকে ফটক থেকে ফিরিয়ে দেওয়া নিয়েও সমালোচনায় পড়তে হয়েছে তাকে।

দুর্নীতি মামলার ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এরমধ্যেই ওই কার্যালয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি।

বর্তমান আন্দোলনের পক্ষে যুক্তি দিয়ে ৬৯ বছর বয়সী খালেদা জিয়া বলেন, “জীবনের এই প্রান্তে এসে ক্ষমতা আমার কাছে বড় কিছু নয়। দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আমি অতীতে কয়েকবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি। প্রিয় দেশবাসীর জন্য তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই আমরা লড়াই করছি।

তার ভাষায়, এই আন্দোলন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির নয়, দলের বিরুদ্ধে দলের নয়; এই আন্দোলন আর্দশের।

আন্দোলন নিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “গণবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী জনগণের আন্দোলনে ভীত হয়ে হত্যা-উৎপীড়নের পাশাপাশি ষড়যন্ত্র, নাশকতা ও অপপ্রচারনায় মেতে উঠেছে। তারা এখন পুরোপুরি আইনপ্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করে টিকে থাকতে চাইছে।”

আইনশৃঙ্খলা বাহিনীকে ‘আইনসম্মতভাবে’ কর্তব্য পালনের আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “হত্যা, বিচারবর্হিভূত হত্যা, গুম, অপহরণ, নির্যাতন, বন্দি অবস্থায় গুলি করে পঙ্গু করা, বাড়ি-ঘরে হামলা, পাইকারি গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়েরের বেআইনি প্রক্রিয়া থেকে তাদেরকে দূরে থাকতে বলছি।”

অবরোধে মানুষ পুড়িয়ে মারার অভিযোগ অস্বীকার করে খালেদা পাল্টা অভিযোগ করেন, ‘উদ্দেশ্য হাসিল না হওয়ায়’ আওয়ামী লীগ অন্তর্ঘাত ও নাশকতার পথ বেছে নিয়েছে।

“পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় কিছু যানবাহন রাস্তায় নামায়। সেসব যানবাহনে পেট্রোল বোমা মেরে নারী-শিশুসহ নিরাপরাধ মানুষকে দগ্ধ করে শোচনীয় মৃত্যুর পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এসব পৈশাচিক বর্বরতা তীব্র নিন্দা জানিয়ে আসছি। হীন সন্ত্রাসে জড়িতদের সঠিকভাবে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করে চলেছি।”

সংকট ‘দীর্ঘায়িত করতেই’ সরকার আন্দোলনের মধ্যে ‘অন্তর্ঘাত ও নাশকতা’ চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ‘জঙ্গি তৎপরতা’ বলে দেশে বিদেশে ‘অপপ্রচার’ চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খালেদা জিয়া অভিযোগ করেন, তিন দিন আগে বিএনপির এই নেতাকে ‘তুলে নিয়ে গেলেও’ আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করে আসছে।

খালেদা বলেন, “আমি আবারও অবিলম্বে সালাহউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় এর পরিণতি শুভ হবে না।”

দেশের বর্তমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীনদের দায়ী করে খালেদা বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ’ সরকারের অধীনে দ্রুত নির্বাচনই এর একমাত্র সমাধান হতে পারে। এ লক্ষ্যে দুই দফা দাবিও তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন।