২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ‘নির্মূল’ করতে হবে: সুরঞ্জিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গে তুলনা করে তাকে ‘নির্মূল’ করার আহ্বান জানালেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 08:49 PM

Updated : 25 Apr 2022, 12:55 PM

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, বিএনপির দলীয় বৈশিষ্ট্য পাল্টে গেছে। খালেদা জিয়া এখন আর জাতীয়তাবাদী নেত্রী নন, তিনি এখন ‘সন্ত্রাসীর নেত্রী’।

“এখন মোল্লা ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন খালেদা। গণতন্ত্রের স্বার্থে এবং সন্ত্রাসীর হুকুমদাতা হিসাবে খালেদা জিয়াকে নির্বাসিত নয়, নির্মূল করতে হবে।”

বুদ্ধিজীবী, সাংবাদিকসহ দেশের সব শ্রেণিপেশার মানুষকে গণতন্ত্র রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, “সহিংসতা ও নাশকতার কাছে গণতন্ত্র জিম্মি হবে না। গণতন্ত্র রক্ষায় আমরা সম্পূর্ণভাবে মাঠে নেমেছি। এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী।”

জনগণের জানমাল রক্ষায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে ‘এক সপ্তাহের মধ্যে’ দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে সহিংসতা ও নাশকতায় ৩৪ জনের মৃত্যুতে জাতিসংঘ ও ইউরোপীয় পার্লামেন্ট উদ্বেগ জানালেও কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

নাশকতায় প্রাণহানির জন্য খালেদাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের সাংসদরাও। 

বিএনপি প্রধানকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, “এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করুন। সরকার ‘রামকৃষ্ণ মিশন’ বা ‘আঞ্জুমানে মুফিদুল ইসলাম’ নয়। এভাবে আপনার সন্ত্রাস চলতে থাকলে অবশ্যই আপনাকে আইনের মুখোমুখি হতে হবে।”

বঙ্গবন্ধু একাডেমি রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি আলোচনা সভায় বক্তব্য দেন।

পুরনো খবর:

সংসদে উভয় বেঞ্চ থেকেই খালেদাকে গ্রেপ্তারের দাবি