২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে উভয় বেঞ্চ থেকেই খালেদাকে গ্রেপ্তারের দাবি

নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি এক যোগে উঠেছে সংসদে সরকার ও বিরোধী দল থেকে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 09:54 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বিএনপির ভাষায় ‘অবৈধ’ এই সংসদে বৃহস্পতিবার এক অনির্ধারিত আলোচনায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা এই দাবি তোলার আগে একই দাবিতে স্বতন্ত্র এক সংসদ সদস্য ওয়াক আউটও করেন।

নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসনকে ‘হুকুমের আসামি’ করা যায় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরদিন সরকারের প্রতি এই দাবি জানান সংসদ সদস্যরা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “অপরাধীর স্থান এই-ওই অফিস না। অপরাধীর স্থান জেলখানায়। অবিলম্বে তাকে (খালেদা জিয়া) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হোক। এটা এই সংসদ চায়। এখনই সময় এসেছে আইনগত ব্যবস্থা নেওয়ার।”

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “মানুষ নিরাপত্তা চায়। জানমালের নিরাপত্তা চায়। সরকারকেই এটা দিতে হবে।”

“উনি অবরুদ্ধ নন। ১৬ কোটি মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন। অবিলম্বে সরকারকে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।”

বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের আসনে বসলেও মন্ত্রিত্বও নিয়েছে।

৫ জানুয়ারির ওই নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যায়িত করে নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

এই কর্মসূচিতে নাশকতায় ইতোমধ্যে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বিএনপির দাবি, তাদের কর্মসূচিতে ‘অন্তর্ঘাত’ চালাচ্ছে সরকার। অন্যদিকে সরকার বলছে, ‘আন্দোলনের নামে মানুষ খুন’ করছে বিএনপি জোট।   

খালেদাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, “মানুষ শান্তি চায়। সর্বসম্মতভাবে এই সংসদকে সিদ্ধান্ত নিতে হবে, সন্ত্রাস-নাশকতার সঙ্গে কোনো আপস নয়। সরকার কোনো চ্যারিটেবল সংস্থা নয়। এখানে কেউ নীতি কথা শুনতে চায় না। এখানে দয়ার কোনো স্থান নেই। মানুষ কাজ দেখতে চায়।

“সময় এসে গেছে। এই সংসদ থেকেই সিদ্ধান্ত নিতে হবে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “এসব বন্ধ করেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এসব বন্ধ না করলে বিএনপি অফিস থেকে জনগণ আপনাকে টেনে-হিঁচড়ে বের করে প্রকাশ্য দিবালোকে বিচার করতে বাধ্য হবে।”

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আপনাকে (খালেদা) দায় নিয়ে কৈফিয়ত দিতে হবে। তার বিচারের দাবি উঠেছে। উনি আরামের মধ্যে থেকে অরাজকতার নির্দেশ দিচ্ছেন। তাকে জবাব দিতে হবে। নাশকতা রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।”

অনির্ধারিত আলোচনার সূত্রপাত ঘটিয়ে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, “খালেদা জিয়া দেশটাকে অকার্যকর রাষ্ট্র বানাতে পাঁয়তারা করছে। তাকে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।”

চলমান অবস্থাকে রাজনৈতিক সঙ্কট বলতে নারাজ শেখ সেলিম বলেন, “কিসের সঙ্কট। কোনো রাজনীতির সঙ্কট নেই। যেটা হচ্ছে সেটা জঙ্গি সঙ্কট।”

আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও দাবি করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম সহিংসতায় আহত হয়ে বার্ন ইউনিটে ভর্তি থাকা ব্যক্তিদের পরিবারগুলোর সহায়তায় সংসদ সদস্যদের এক মাসের বেতন দিয়ে দেওয়ার আহ্বান জানান।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুও তার প্রস্তাব সমর্থন করেন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, “একজন মানুষ পোড়াবেন, আরেকজন তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন। এই ইঁদুর-বিড়াল খেলা কত দিন চলবে? সরকারকে ব্যবস্থা নিতে হবে।

“যদি না পারেন, ইতিহাসের কাছে দায়ী থাকবেন। আমরা বিরোধী দল কোনও দায়িত্ব নেব না।”

পুরনো খবর:

খালেদা গ্রেপ্তার না হওয়ায় সংসদে ওয়াক আউট
খালেদাকে হুকুমের আসামি করা যুক্তিযুক্ত: হাসিনা
কঠোর হন: সরকারকে বিরোধী নেত্রী
‘খুনি’ হিসেবে খালেদার বিচার: হাসিনা