বিএনপি নেতা হাবিব গ্রেপ্তার
যুগ্মমহাসচিব মো. শাহজাহানের পর বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টিফোরে একটি আলোচনা অনুষ্ঠান করে বেরোনোর পরপরই তাকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এই বিষয়ে জানতে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।
তবে গোয়েন্দা পুলিশের একটি সূত্র হাবিবকে আটকের খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।
৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে রোববার রাতে একইভাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়া হয়েছিল। সোমবার তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।
উত্তাল নব্বইয়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী হাবিব পরে বিএনপিতে যোগ দেন। সম্প্রতি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে নিয়মিতভাবে তাকে পুরনো দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে দেখা যাচ্ছিল।
হাবিবের আগে সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডি থেকে আটক করা হয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমকে। এদিন সকালে গুলশান থেকে যুগ্মমহাসচিব শাহজাহানের সঙ্গে গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল আহমেদ।
৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের কয়েকদিনের মাথায় আটক করা হয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে।
তার আগে গ্রেপ্তার করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।
