২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীম গ্রেপ্তার

বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 07:23 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

অবরোধের মধ্যে সোমবার বিকালে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শামীমকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শঙ্করে এক বন্ধুর অফিসে ছিলেন তিনি (শামীম)। সাদা পোশাক পরা গোয়েন্দা সংস্থার লোকজন তাকে নিয়ে যায়।”

শামীমকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে ২০ দলীয় জোটভুক্ত জাতীয় পার্টির নেতা আহসান হাবিব লিংকনকে বিকালে ধানমণ্ডি থেকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের প্রেসসচিব গোলাম মোস্তফা জানিয়েছেন।

৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে শামীমকে গ্রেপ্তারের আগে সকালে বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহানকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একদিন আগে গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে। তাকে গাড়ি পোড়ানোর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

৫ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের কয়েকদিনের মাথায় আটক করা হয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে।

৫ জানুয়ারির আগে গ্রেপ্তার করা হয় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।