২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল গ্রেপ্তার

সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:13 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

ফখরুলদের বিরুদ্ধে দুই মামলা
রংপুরের ৮ জেলায় হরতাল বুধবার
সরকার গ্রেপ্তারের মহোৎসবে: খালেদা
ফখরুলের সঙ্গে আচরণের নিন্দা
ফখরুল ‘না বেরোনো’ পর্যন্ত অবস্থান কর্মসূচি: ইকবাল সোবহান
জাতীয় প্রেসক্লাবে মারামারি
লাথি মার ভাঙরে তালা: ফখরুল

৫ জানুয়ারির রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার বিকালে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সুনির্দিষ্ট অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান। তাকে বুধবার আদালতে নেওয়া হবে বলেও জানান তিনি।

ফখরুলকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তার জেলা ঠাকুরগাঁওয়ে হরতাল শুরু করে বিএনপি। পরে রংপুর বিভাগের আট জেলায় বুধবার হরতাল ডাকা হয়।

দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার গ্রেপ্তারের ‘মহোৎসব’ চালাচ্ছে।

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পুলিশের তালা এবং গুলশানের কার্যালয়ে খালেদা অবরুদ্ধ থাকার মধ্যে সোমবার ‘গণতন্ত্র হত্যা দিবসে’ বিএনপি সমর্থিত পেশাজীবীদের সমাবেশে যোগ দিতে প্রেসক্লাবে ঢুকেছিলেন ফখরুল।

৫ জানুয়ারি নির্বাচনের বছর পূর্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতের মধ্যে সেখানেই ছিলেন তিনি। তার অবস্থানকে কেন্দ্র করে প্রেসক্লাবে সোমবার বিকালে একদফা মারামারিও হয়।

এরপর ফখরুলকে বের করে দিতে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের প্রেসক্লাবে অবস্থান কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে সেখানে সংবাদ সম্মেলন করেন তিনি।

সেখানে তিনি বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণে রাতে আমি জাতীয় প্রেসক্লাবে ছিলাম। ক্লাবের ঐতিহ্যগত আতিথেয়তার জন্য সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

“জনগণকে বলব, আসুন নিজের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহণ করি।”

সংবাদ সম্মেলনের কয়েক মিনিট পর ফখরুল নিজের গাড়িতে করে প্রেসক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন। কিন্তু ফটকে পুলিশ তার গাড়িটি আটকে দেয়। সেখানে গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস, একটি প্রিজন ভ্যান ও একটি পুলিশ ভ্যানও ছিল।

বেশ কিছুক্ষণ ফটকে আটকে রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িতেই উঠে পড়েন।

তারপর সোয়া ৪টার দিকে গাড়িটি মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের দিকে রওনা হয়। সাড়ে ৪টায় সেখানে ঢোকানো হয় ফখরুলের গাড়িটি। যাওয়ার সময় তার গাড়ির সামনে ছিল ডিবির মাইক্রোবাসটি, পেছন পেছন যায় প্রিজন ভ্যান ও পুলিশ ভ্যানটি।

Image
সংবাদ সম্মেলনে

সংবাদ সম্মেলনে

Image
নামছেন প্রেসক্লাব থেকে

নামছেন প্রেসক্লাব থেকে

ফখরুলকে আটকের আগে থেকে জাতীয় প্রেসক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে অবস্থান কর্মসূচি চলছিল।

Image
গাড়িতে উঠছেন

গাড়িতে উঠছেন

Image
গাড়ি আটকে দিয়েছে পুলিশ

গাড়ি আটকে দিয়েছে পুলিশ

বিএনপি নেতাকে পুলিশ আটক করার সময়ও সরকার সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল সেখানে।

Image
সামনে-পিছে পুলিশের পাহারা

সামনে-পিছে পুলিশের পাহারা

Image
ডিবি অফিসের দিকে যাত্রা

ডিবি অফিসের দিকে যাত্রা

ডিবির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাপের মধ্যে গাড়ি পোড়ানোর অভিযোগে সোমবার রাতে পল্টন থানায় দুটি মামলা হয়েছে।

এই দুটিতে ফখরুলকেও আসামি করা হয়েছে বলে থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় ফখরুলকেও আসামি করে পুলিশ।

ওই মামলায় মঙ্গলবার হাই কোর্টে ফখরুলের পক্ষে জামিনের আবেদন করা হয়। তার অনুপস্থিতির জন্য চলমান পরিস্থিতিকে কারণও দেখিয়েছিলেন আইনজীবী। তবে জামিনের আদেশ পাননি।   

বিভিন্ন সংঘাত ও গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে মামলার সংখ্যা অর্ধশতাধিক। গত বছর কয়েক মাস তাকে কারাগারেও থাকতে হয়েছিল।