রংপুরের ৮ জেলায় হরতাল বুধবার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রংপুর বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
জেলাগুলো হলো রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় লালমনিরহাট সদর উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, অন্যায়ভাবে ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করেছে সরকার। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভাগের ৮টি উপজেলায় এ হরতাল পালন করা হবে।
এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হকসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
