২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুল ‘না বেরোনো’ পর্যন্ত অবস্থান কর্মসূচি: ইকবাল সোবহান

জাতীয় প্রেসক্লাবকে একটি রাজনৈতিক দলের ‘আস্তানা’ হিসেবে ব্যবহার করার অভিযোগ এনে এটি ‘বহিরাগতমুক্ত’ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) একাংশের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:03 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

মঙ্গলবার দুপুরে ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘‘ গতকাল (সোমবার) থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ক্লাবে অবস্থান করছেন, এটা প্রেস ক্লাবের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে।

“বর্তমান ব্যবস্থাপনা কমিটি একটি রাজনৈতিক দলের নেতৃত্বসহ নেতা-কর্মীদের আশ্রয় দিয়ে এই ক্লাবকে রাজনৈতিক দলের ‘আস্তানা’য় পরিণত করেছে। এটা কোনোভাবে কাম্য নয়।’’

সমাবেশে নিষেধাজ্ঞা এবং নিজের কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কার্যত অবরুদ্ধ থাকার মধ্যে সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবীদের এক সমাবেশে বক্তব্য দিতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সময়ে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ইউনিয়নের একটি সমাবেশ ছিল।

সমাবেশের পর ফখরুল,জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ কয়েকজন জাতীয় প্রেসক্লাবের ফটক দিয়ে বেরিয়ে আসতে চাইলে বাইরে অবস্থানরত সরকার সমর্থকরা বাধা দেয়।

এক পর্যায়ে দুই পক্ষে মারামারিও বেঁধে যায়। তখন সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ফখরুলসহ বিরোধী দলের নেতারা প্রেসক্লাবের ভেতরেই অবস্থান নেন।

গ্রেপ্তারের শঙ্কার মধ্যে তখন থেকেই প্রেসক্লাবের ভেতরেই অবস্থান করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা ফখরুল। 

সাংবাদিক নেতা ইকবাল সোবহান বলেন, ‘‘আমরা জাতীয় প্রেস ক্লাবের নিরপেক্ষ, মর্যাদা ও ক্লাব সদস্যদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বহিরাগত মুক্ত করার দাবি জানাচ্ছি। আজকে (মঙ্গলবার) এটা করতে হবে।

“ব্যবস্থাপনা কমিটিকে বলব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বহিরাগতদের বের না করা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’’

রাত থেকে ফখরুলের ক্লাবে অবস্থানের সমালোচনা করে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘‘এই ক্লাবে রাজনৈতিক দলের নেতারা আসবেন, সৌজন্য বিনিময় করবে, সংবাদ সম্মেলন করবে- এতে কোনও আপত্তি নেই। তবে সারারাত তিনি এখানে অবস্থান করবেন এটা কোনভাবেই কাম্য নয়।’’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘‘ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যদি তার কর্মীদের নিয়ে সারা রাত একটি ক্লাবে থাকেন। এখানেই খাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে অন্য আরেকটি রাজনৈতিক দলও একই সুযোগ নিবে।

“বার বার আমরা এই কথাটি ক্লাব ব্যবস্থাপনা কমিটিকে বলার পরও তারা কর্ণপাত করেনি। এসব কাজের মধ্য দিয়ে ক্লাবকে একটি রাজনৈতিক দলের অফিস ও আস্তানায় পরিণত করা হয়েছে বলে আমরা মনে করি।’’

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি কয়েক বছর ধরে বিএনপি সমর্থক সাংবাদিকদের নিয়ন্ত্রণে। ফখরুলসহ বিরোধী নেতারা প্রেসক্লাবের ভেতরে সাধারণ সম্পাদকের কক্ষে অবস্থান নিয়ে আছেন।

প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘‘ এই ক্লাবকে বর্তমান ব্যবস্থাপনা কমিটি একটি রাজনৈতিক দলের ঠিকানায় পরিণত করা হয়েছে। এটা ক্লাবের গঠনতন্ত্রের পরিপন্থী।’’

ক্লাবের সামনে প্রধান ফটকের সামনে মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নাম ফলক ভেঙে ফেলার জন্য বিএনপি-জামায়াতকে অভিযুক্ত করেন তিনি।

‘‘গতকাল আমাদের পক্ষ থেকে কোন হাঙ্গামা হয়নি। ভাংচুরের ঘটনা তারাই ঘটিয়ে ক্লাবের মর্যাদা ও নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে। যারা শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক ভাঙে তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিশ্বাস করে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে,’’ বলেন ইকবাল সোবহান।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদের নেতৃত্বে সরকার সমর্থক সাংবাদিক নেতা-কর্মীরা ‘জয় বাংলা’, ‘বিএনপি-জামায়াতের আস্তানা ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘মির্জা ফখরুলের আস্তানা ভেঙে দাও’ ইত্যাদি স্লোগানে প্রেসক্লাবের ভেতর বিক্ষোভ করছিলেন। 

সংবাদ সম্মেলনের আগে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং  ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে সরকার সমর্থক ক্লাব সদস্য ও ইউনিয়ন সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের পর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককের কক্ষের সামনে নতুন সদস্য পদ প্রাপ্তির দাবিতে একদল সাংবাদিক বিক্ষোভ ও ম্লোগান দেয়।

ওই সময়েও সাধারণ সম্পাদকের কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সমর্থিত সাংবাদিকদের নিয়ে অবস্থান করছিলেন।