সরকার গ্রেপ্তারের মহোৎসবে: খালেদা
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
“সরকার গ্রেপ্তারের মহোৎসবে মেতে উঠেছে,” মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেপ্তারের পর গুলশানের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন তিনি।
“আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারসহ সারাদেশে একই কায়দায় গ্রেপ্তারি অভিযানের মহোৎসবে মেতে উঠেছে। কেবল বিরোধী দলের নেতা-কর্মীই নয়, সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছে।”
৫ জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজনৈতিক উত্তাপের মধ্যে শনিবার রাত থেকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ খালেদা। শনিবার ও সোমবার সেখান থেকে বের হতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।
সোমবার ফখরুল জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেন। রাত কাটিয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলন করে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
খালেদা বলেন, “বর্তমান সরকারের প্রতি জনগণের ন্যূনতম সমর্থন নেই বলে তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”
এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দেওয়া খালেদা জিয়া।
তিনি আলাদা বিবৃতিতে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে ‘সাজানো’ মামলায় গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তিও দাবি করেছেন।
