২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের সঙ্গে আচরণের নিন্দা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে অবস্থানের সময় তাকে নিয়ে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের আচরণে নিন্দা জানিয়েছেন বিএনপি সমর্থক সাংবাদিক নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 07:49 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

ফখরুল গ্রেপ্তার
ফখরুল ‘না বেরোনো’ পর্যন্ত অবস্থান কর্মসূচি: ইকবাল সোবহান
জাতীয় প্রেসক্লাবে মারামারি

৫ জানুয়ারির রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার ধরে প্রেসক্লাবে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মঙ্গলবার বিকালে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাতীয় প্রেসক্লাবকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে ফখরুলকে বের করে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকরা।

বিকালে ফখরুলকে গ্রেপ্তারের সময় জয় বাংলা স্লোগান দিচ্ছিল সরকার সমর্থকরা। বিএনপির মুখপাত্রকে উদ্দেশ্য করে গালাগালিও করা হয়।

এর প্রতিক্রিয়ায় বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, “আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই।”

সোমবার ফখরুলের সঙ্গে বিএনপির একদল কর্মী জাতীয় প্রেসক্লাবে ঢুকেছিলেন। তাদের সঙ্গে বাইরে থাকা সরকার সমর্থকদের সংঘর্ষও বাঁধে। ওই সময় ফখরুলের সঙ্গীদের ধাক্কায় মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের নামফলকটি ভেঙে যায়।

এরপর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে বিএফইউজের একাংশের নেতারা সংবাদ সম্মেলন করে প্রেসক্লাব থেকে বহিরাগতদের বের করে দেওয়ার দাবি জানায়। মঙ্গলবার সমাবেশ থেকেও একই দাবি তোলে তারা।

সোমবার আওয়ামী লীগ সমর্থক সাংবাদিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বিএফইউজের বিএনপি সমর্থক অংশের মহাসচিব শওকত বলেন, “দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে আমরা একমত হয়েছিলাম, ফখরুল সাহের যতক্ষণ চান, এখানে অবস্থান করবেন, আর বহিরাগতরা চলে যাবে। কিন্তু আমাদের প্রতিপক্ষ ইউনিয়নের আজকের বক্তব্য দুঃখজনক।

“কেবল তাই নয়, আওয়ামী লীগের সমর্থিত সাংবাদিক ইউনিয়নের সভাপতি বুলবুলের সভাপতিত্বে সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে। একদল উচ্ছৃঙ্খল তরুণ উত্তেজনাকর স্লোগান দিয়েছে।”

ফখরুলকে নিয়ে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফের বক্তব্যেরও নিন্দা জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত।  

হানিফ বঙ্গবন্ধু এভিনিউতে দলের এক সভায় বলেন, প্রেসক্লাবে একজন ‘মোস্ট ওয়ান্টেড আসামি’ অবস্থান করছে।

গ্রেপ্তারের আগে ফখরুল সংবাদ সম্মেলনে ফখরুল তার প্রেসক্লাবে অবস্থানের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘নিরাপত্তাজনিত’ কারণে তিনি সেখানে ছিলেন।

“সভা শেষে (সোমবার)  বেরুতে গিয়ে আমি দেখি, চারিদিকের রাস্তায় উত্তেজনা। একদিকে পুলিশ ও অন্যদিকে সন্ত্রাসী বাহিনী সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। মূলত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি প্রেসক্লাব এসেছিলাম। উদ্ভূত পরিস্থিতিতে আমি রাতে প্রেসক্লাব ছিলাম।”

সোমবার বিকালে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের সমাবেশে যোগ দিয়ে প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় সরকার সমর্থকদের স্লোগানের মুখে পুনরায় ঢুকে পড়েন ফখরুল।

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি কয়েক বছর ধরেই বিএনপি সমর্থিত সাংবাদিকদের নিয়ন্ত্রণে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদকের কক্ষে।

ফখরুল মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনের পর কনফারেন্স লাউঞ্জ দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ‘বহিরাগত বেরিয়ে যাও’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিএনপি সমর্থিত সাংবাদিকদের বেষ্টনির মধ্যে ফখরুল ক্লাবের দোতলা থেকে নামার পর নিজের গাড়িতে ওঠার সময় সেখানে ছিল সাংবাদিক ও আলোকচিত্রীদের ভিড়। ভিড় ঠেলে ফখরুল গাড়িতে উঠে প্রেসক্লাবের প্রধান ফটকে এসে পুলিশের বাধার মুখে পড়েন।

সরকার সমর্থকদের স্লোগানের মধ্যে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ফখরুলের গাড়ি ঘিরে ফেলে। প্রথমে একটি মাইক্রোবাসে তাকে ওঠানোর চেষ্টা হলেও ভিড়ের কারণে তা সম্ভবপর হয়নি।

এরপর ফখরুলের গাড়িতেই উঠে পড়েন তিনজন গোয়েন্দা কর্মকর্তা। সামনে-পেছনে পুলিশের গাড়ি নিয়ে ফখরুলকে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে।