ফখরুলদের বিরুদ্ধে দুই মামলা
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশ সদস্যের মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের নামে দুটি মামলা হয়েছে।
ফখরুল ছাড়াও মামলা দুটিতে আসামি করা হয়েছে ব্যারিষ্টার রফিকুল ইসলাম, বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, আন্দালিব রহমান পার্থ, খায়রুল কবির খোকন, জয়নুল আবেদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আওয়াল মিন্টু।
অন্যদের মধ্যে রয়েছেন শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী তপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. জেড এম জাহিদ হোসেন, শফিউল বারী বাবুসহ ৫১ জন।
সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৫ জানুয়ারির রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার বিকালে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, পল্টন থানার কালভার্ট রোড এলাকায় সোমবার দুপুর ১টায় পুলিশকে লক্ষ করে ককটেল বিস্ফোরণ, হত্যার উদ্দেশ্যে পুলিশের উপরে হামলা ও সার্জেন্ট তন্মমের মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে মামলা দুটি হয়েছে।
এসআই মনিবুর রহমান দুই মামলায়ই বাদী হয়েছে বলে জানান তিনি।
ওসি জানান, মামলায় অজ্ঞাতপরিচয়ের ৩০/৩৫ জনকে আসামি হিসাবে রাখা হয়েছে।
এদিকে সোমবার দুপুর ২টায় পল্টন বকশী হোটেলের সামনে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপরে হামলা এবং এসআই হাফরুল্লাহর মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অপর এক মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অন্তত দেড়শ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার বাদী পল্টন থানার এএসআই মুস্তাক আহমেদ।
