বিচার শেষ না হওয়া পর্যন্ত শান্তি আসবে না: ইনু
একাত্তরে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের শরিক দুই নেতা জাসদের হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।
রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “অনেক বেদনা নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। কারণ আমরা এখনো যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পারিনি। শেখ হাসিনা অনেক সাহসী পদক্ষেপ নিয়েছেন।
“শহীদের রক্তের ঋণের দায় নিয়ে আমরা যারা বেঁচে আছি, যুদ্ধাপরাধের বিচারের মধ্য দিয়েই সেই ঋণ পরিশোধ করা সম্ভব। যেদিন সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করতে পারব, সেইদিন আমরা শান্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারব।”
সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ১৪ দল ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, গণফোরাম, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
