২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্যাগী নেতা থাকলে কষ্ট হয় না: প্রধানমন্ত্রী

সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় বাংলাদেশের উন্নতির জন্য নেতাদের ত্যাগী ভূমিকা পালনের প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 08:04 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

দশম সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সদ্যপ্রয়াত ইসহাক হোসেন তালুকদারকে স্মরণ করতে গিয়ে তার বক্তব্যে এই প্রত্যাশা ফুটে ওঠে।

আওয়ামী লীগের এই নেতার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনা বলেন, “মাটি ও মানুষের একজন নেতার এ মৃত্যু খুবই দুঃখজনক। হঠাৎ করেই ইসহাক এভাবে চলে যাবে চিন্তাই করিনি।

“এমন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা থাকলে দেশের উন্নতি করতে কোনো কষ্ট হয় না।”

গত ৬ অক্টোবর মারা যান ইসহাক তালুকদার। তিনি তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কথা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে ত্রাণ বিতরণে মানুষের দুয়ারে দোয়া চাইতে গেছেন ইসহাক। সাধারণ মানুষের সাথে থাকা ও তাদের সেবা করাই ছিল তার চরিত্রের বিরাট দিক।

“অনেকের অনেক চাহিদা থাকে। তিন তিন বারের সাংসদ হয়েও এই একটা মানুষ নিজের জন্য কোনো কিছু চাইতে আসেনি। শুধু এলাকার মানুষের কিছু দরখাস্ত ও সাধারণ মানুষের কথা বলতেন তিনি।”

১৯৮৪ সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ নির্বাচিত হন মুক্তিযোদ্ধা ইসহাক।

তাকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ অভিহিত করে শেখ হাসিনা বলেন, “সোনার বাংলা গড়ার সোনার মানুষ ছিলেন ইসহাক। দেশের মাটি ও মানুষের কল্যাণেই কাজ করে গেছেন তিনি। তার মতো ভদ্র ও নির্লোভ রাজনীতিক, তার সততা সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

শোক প্রস্তাবে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, রেজাউল করিম হীরা, জাতীয় পার্টির কাজী ফিরাজ রশীদ, মুহিবুর রহমান মানিক বক্তব্য রাখেন।

স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে প্রয়াতের মৃত্যুতের শোক প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।

সংসদ সাবেক সংসদ সদস্য জাহানারা রব, গোলাম মোস্তফা, মোজাম্মেল হোসেন, ভাষাসংগ্রামী আবদুল মতিন, ভাষাসৈনিক আব্দুস সামাদ, ইতিহাসবিদ অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহমদ, শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, পণ্ডিত রামকানাই দাশ, মুক্তিযোদ্ধা বজলুর রহমান ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের জন্যও শোক জানিয়েছে।