‘গডফাদার’ আওয়ামী লীগে আছে: এরশাদ
দেশের মানুষের শান্তির জন্য বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ ছেড়ে আরেকবার জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের অংশীদার দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও সাবেক সামরিক প্রশাসক এরশাদ বলেন, “আওয়ামী লীগের অবস্থা ভালো না। গডফাদাররা আওয়ামী লীগে আছে। আমরা গডফাদারে বিশ্বাস করি না। আমরাই একমাত্র দল গডফাদারে বিশ্বাস করি না, শান্তিতে বিশ্বাস করি। আমরা মৌলবাদে বিশ্বাস করি না।”
এ সময় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে আমলে হাওয়া ভবনকেন্দ্রিক দুর্নীতি ও সন্ত্রাসের কথা তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
“আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি হবে? আবার যদি বিএনপি আসে, তারেক সাহেব উনি হবেন প্রধানমন্ত্রী। উনি হলে হাওয়া ভবন হবে, বোমাবাজি হবে। হবে না? মানুষ গুম আর খুন হবে।
“ওই তারেক রহমানের নাম শুনে মানুষ ভয় পায়। মানুষের রক্ত ঠাণ্ডা হয়ে যায়।”
এজন্য জাতীয় পার্টি আগামীতে সরকার গঠন করবে জানিয়ে সঙ্গে থাকার জন্য লক্ষ্মীপুরের জনগণের প্রতি আহ্বান জানান দলের চেয়ারম্যান।
সঙ্গে লক্ষ্মীপুর-ঢাকা সরাসরি লঞ্চ সার্ভিস চালু করার বিষয়ে লক্ষ্মীপুরবাসীর প্রতি আশ্বাসও দেন তিনি।
“এ লক্ষ্মীপুর জেলা আমি সৃষ্টি করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রীকে বলে লক্ষ্মীপুর-ঢাকা সরাসরি লঞ্চ সার্ভিস চালু করবো। যাতে লক্ষ্মীপুরের মানুষকে লঞ্চে করে ঢাকা যাওয়ার জন্য চাঁদপুরে না যেতে হয়।”
এছাড়া লক্ষ্মীপুরে সয়াবিনভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য শিল্পমন্ত্রীর প্রতি অনুরোধও জানান এরশাদ।
বিকালে শহরের নছির আহম্মদ মিলনায়তনে দলের জেলা শাখার আহ্বায়ক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান এমপির সভাপতিত্বে সম্মেলনে মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান, যুগ্ন-মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়াঁ ও জেলা শাখার সদস্য সচিব এম আর মাসুদ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নোমানকে সভাপতি ও মাসুদকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। এতে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা ও ইউনিয়নের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
