২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে পরাজিত হয়ে আ. লীগের দুই পক্ষের মারামারি  

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 11:14 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার রাত ৮টার দিকে চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই ঘটনায় নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোস্তফা কামাল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারের ১০-১২টি দোকানপাটে হামলা এবং ভাংচুরও করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় থানা পুলিশের বরাত দিয়ে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, রোববার চরওয়াপদা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি সমর্থিত একক প্রার্থী জুয়েলের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী অজিউল্লা ও হাবিউল্যা পলাশ প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এরই জের ধরে সোমবার রাতে অজিউল্লা ও হাবিউল্যা পলাশ নির্বাচনে পরাজয়ের জন্য একে অপরকে দায়ী করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

তিনি জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোস্তফা কামাল জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাজারের ১০-১২টি দোকানপাটে হামলা- ভাংচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

পুলিশ কমকর্তা মো. ইলিয়াছ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে চরজব্বার থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে দাঙ্গা পুলিশও পাঠানো হয়েছে।”