‘নকল বাম’
বামপন্থি রাজনীতিবিদ বলে বিএনপি যাদেরকে জোটে টেনেছে তাদের ‘নকল বামপন্থি’ অভিহিত করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রবীণ নেতা ও প্রেসিডিয়াম সদস্য এম এ গণির বাংলাদেশের সাম্যবাদী দলে যোগদান উপলক্ষে তিনি বলেন, “বিএনপির বাম রাজনীতিবিদ প্রয়োজন। তাদের ধন্যবাদ আমাদেরকে উপলব্ধির জন্য।
“কিন্তু আপনারা (বিএনপি) যাদের বামপন্থি মনে করে দলে নিয়েছেন, তারা তো নকল বামপন্থি।”
দীলিপ বড়ুয়ার সঙ্গ ছেড়ে আসা ‘বাংলাদেশের সাম্যবাদী দলের’ একাংশ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ আহমেদের নেতৃত্বে গত ২৮ জুন বিএনপি’র গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে ১৯ দলীয় জোটে যোগ দেয়।
১৯ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে এই যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়ার জোটের নতুন দলটির নেতাদের অভিনন্দন জানান। তখন বিএনপি নেতারা জানিয়েছিলেন, তাদের জোটটি নতুন করে ‘২০ দলীয় জোট’ নামে পরিচিত হবে।
আওয়ামী লীগের জোট শরিক সাম্যবাদী দল থেকে বেরিয়ে এই নেতারা দিলীপ বড়ুয়ার গত সরকারে মন্ত্রিত্ব গ্রহণকে কেন্দ্র করে বহিষ্কৃত হয়েছিলেন। পরে আলাদা দল গঠন করেন তারা।
গত ৩ জুন সাঈদের নেতৃত্বে সাম্যবাদী দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপির জোটে যোগদানের আগ্রহ দেখায়। এর একদিন পর ১৯ দলীয় জোটের বৈঠকে সাম্যবাদী দলকে জোটে নেয়ার সিদ্ধান্ত হয়।
দিলীপ বড়ুয়া খালেদা জিয়ার উদ্দেশে বলেন, “নকল বামপন্থি দিয়ে আপনি জয়লাভ করতে পারবেন না।”
সাম্যবাদী দলে এম এ গণির যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
২০১২ সালের ১৮ এপ্রিল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে চারদলীয় জোটের পরিসর বাড়িয়ে ১৮ দলীয় জোট গঠন করেছিল বিএনপি।
এরপর গত ২৫ জানুয়ারি এরশাদের সঙ্গ ত্যাগ করে কাজী জাফর আহমদের নেতৃত্বে জাতীয় পার্টি যোগদান করলে ১৮ দলীয় জোট ১৯ দলে রূপ নেয়।
এর মধ্যে কয়েকমাস আগে জোট থেকে বেরিয়ে যায় শেখ আনোয়ারুল হক নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী। পরে অবশ্য আজহারুল ইসলামের নেতৃত্বাধীন ন্যাপ ভাসানী জোটে থেকে যায়।
