কর্মী বাড়িয়ে সংগঠিত হওয়ার চেষ্টায় জঙ্গি দলগুলো
কৌশলে কর্মী সংগ্রহ করে আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), নয় বছর আগে যে সংগঠনটি সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জেএমবির পলাতক সদস্যরা দেশের বিভিন্ন জেলায় ‘ছদ্মবেশে’ কর্মী সংগ্রহ করছে। কেউ কেউ আবার যোগ দিয়েছেন অন্য কয়েকটি জঙ্গি সংগঠনে; গত দুই বছরে এসব দলের তৎপরতার প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ঘটনায়।
র্যাব বলছে, বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা এসব সংগঠনের না থাকলেও বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে তাদের।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে, আবারো সংগঠনের কর্মী বাড়িয়ে সক্রিয় হতে শুরু করেছে জেএমবির পলাতক সদস্যরা। কারাগারে থেকে নেতারা কৌশলে তাদের নির্দেশনা দিচ্ছেন।”
জিয়াউল আহসান বলেন,মূলত উত্তরের জেলাগুলো জঙ্গি সংগঠনগুলোর কর্মী সংগ্রহের মূল জায়গা। এই কর্মী সংগ্রহ অভিযান মূলত ছদ্মবেশে চলে।
“বরাবরের মতোই দেশকে অস্থিতিশীল করতে ভিআইপিদের টার্গেট করতে চায় তারা।”
ফাইল ছবি
চলতি বছরের ফেব্রুয়ারিতে ময়মনসিংহের ত্রিশালে নজিরবিহীন এক ঘটনায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক কনস্টেবলকে খুন করে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয় জেএমবি সদস্যরা।
ওই তিন জঙ্গির মধ্যে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) এবং রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) মৃত্যুদণ্ডে দণ্ডিত। অন্যজন জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।
একটি মামলায় হাজিরার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনজনকে ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ছিনতাইয়ের ওই ঘটনা সারা দেশে তোলপাড় তোলে।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের হাতে ধরা পড়ার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হন রাকিবুল। সীমান্তে রেড অ্যালার্ট জারি এবং ২ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেও বাকি দুজনের কোনো খোঁজ পায়নি পুলিশ।
গত বছর আনসারুল্লাহ বাংলা টিম ও বিইএম নামে দুটি নতুন জঙ্গি সংগঠনের তৎপরতা ধরা পড়ে, কয়েকজন নেতা গ্রেপ্তারও হন।
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিনের আস্তানায় অভিযান চালিয়ে দুই মন্ত্রীসহ ১২ জনের নামের একটি তালিকা পাওয়া যায়, যাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।
এছাড়া বগুড়ায় বিএমই নামে নতুন একটি জঙ্গি সংগঠনের দুটি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পাওয়া যায়, যারা জেএমবির আদলে সংগঠিত হওযার চেষ্টা করছে বলে সে সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এরপর চলতি বছর এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গিবাদ প্রতিরোধ এবং প্রতিকার কমিটির এক সভায় জইশ-ই-মোহাম্মদ, আল্লার দল, হিযবুল মুজাহিদিন, কালেমা-ই-জামাত, আনসারুল্লাহ বাংলা টিম ও হিযবুল মাহাদীর নাম জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধের তালিকায় উঠে আসে।
এছাড়া বেশ কয়েকটি সংগঠনের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে বলেও সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
নজরদারিতে থাকা ২৪ সংগঠনের মধ্যে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরও ছিল।
হিযবুত তাহরীর, শাহাদাত-ই-আল হিকমা, জামায়াতে মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)- এই পাঁচটি সংগঠনকে জঙ্গি তৎপরতায় জড়িত থাকায় আগেই নিষিদ্ধ করেছে সরকার।
র্যাবের জিয়াউল আহসান বলেন, “জেএমবি জঙ্গিদের এবার নাশকতার পরিকল্পনা খুব বড় পরিসরে নয়। তারা বরং ক্ষুদ্র পরিসরে কিছু ঘটানোর চেষ্টা করছে বলে তথ্য আছে”
তিনি জানান, কারাগারে থাকা জঙ্গিরা যেমন সংগঠনকে সক্রিয় করতে চাইছে, তেমনি পলাতক ও জামিনে থাকারাও আবারো দলে কর্মী সংগ্রহে কাজ শুরু করেছে।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, “রক্তপাতের মাধ্যমে কথিত ইসলামী বিপ্লব ঘটিয়ে জেএমবি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তবে বর্তমানে তাদের সাংগঠনিক অবস্থা অনেক দুর্বল।বড় ধরনের আর্থিক সহায়তা বা পৃষ্ঠপোষকতা পেলে তারা আবারো সক্রিয় হয়ে উঠতে পারে।”
২০০৫ সালে দেশব্যাপী বোমা হামলা চালিয়ে আলোচনায় উঠে আসে জেএমবি। ওই হামলায় আল্লাহর দল ও হরকাতুল জিহাদ নামের দুটি সংগঠন তাদের সহায়তা করেছিল বলে জানান মনিরুল ইসলাম।
তিনি বলেন, “কেবল ব্যক্তিগত বিরোধ ও নিজেদের ভেতর কোন্দলের কারণে বিভিন্ন জঙ্গি সংগঠন আলাদা নামে পরিচালিত হচ্ছে। আবার ব্যক্তিগত সুসম্পর্কের কারণে তারা পরস্পরকে বিভিন্ন সময়ে সহায়তাও করছে। নাম আলাদা হলেও সবার উদ্দেশ্যই এক। তা হল ‘কথিত’ জিহাদ ঘটিয়ে রক্তপাতের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা।”
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “জেএমবিসহ সব ধরনের জঙ্গি সংগঠনের তৎপরতা বন্ধে র্যাব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে আছে। তাদের প্রতিরোধ এবং পুরোপুরি নিশ্চিহ্ন করা হবে।”
এই র্যাব কর্মকর্তা জানান, নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টায় জেএমবি টাকা পাচ্ছে কোত্থেকে- সেটি এখন খুঁজে বের করার চেষ্টা চলছে।
২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একই সময়ে বোমা হামলা চালায় জেএমবি। এতে সারাদেশে ২ জন নিহত ও ৫০ জন আহত হন।
ওই ঘটনায় ১৬১টি মামলা হয়, যার ১০২টির রায় ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
এসব রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড ও ১১৮ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ৯৯ জনকে।
অপরাধ প্রমাণ করতে না পারায় আসামিদের মধ্যে ১১৮ জন খালাস পেয়ে গেছেন। জামিনে রয়েছেন ৩৫ জন, ৫৩ জন পলাতক।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৭ অগাস্টের ঘটনায় ৫৯টি মামলা এখনও বিচারাধীন। সাক্ষীরা সময় মতো সাক্ষ্য দিলে আশা করছি এ বছরই রায় আসতে পারে।”
২০০৬ সালের ২ মার্চ সিলেটের পূর্ব শাপলাবাগ এলাকার সূর্যদীঘল বাড়ি থেকে জেএমবির আমীর শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। ঘটনার তিনদিন পর সংগঠনের দ্বিতীয় প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইকে গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের রায়পুর মুক্তাগাছা এলাকা থেকে।
জেএমবি জঙ্গিরা ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করে। ওই মামলার রায়ে মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান,বিভিন্ন সময়ে তাদের হাতে সর্বমোট ৫৮৭ জন জেএমবি জঙ্গি গ্রেপ্তার হয়েছে।
ঢাকার আদালতের আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের ও অভিযোগপত্র দেয়ার ক্ষেত্রে এর ৪০ ধারা অনুযায়ী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিতে হয়।কিন্তু আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক ক্ষেত্রে তা না করায় অনেক জঙ্গি জামিন পেয়ে যায়।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন প্রকাশ বিশ্বাস ও কামাল তালুকদার]
