২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি ছিনতাইয়ে ছিল একাধিক দল’

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় একাধিক দল অংশ নিয়েছিল, যাদের কেউ অন্যদের কাজ সম্পর্কে জানতো না বলে  র‌্যাব জানিয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 11:01 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

পুলিশ মেরে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাই
ফিল্মি কায়দায় ছিনতাই, দাড়ি কেটেও ধরা

এ ঘটনায় গ্রেপ্তার একটি গ্রুপের আট জনের দেয়া তথ্য অনুযায়ী র‌্যাব কর্মকর্তারা এ তথ্য জানান।

বুধবার উত্তরায় র‌্যাবের সদরদপ্তরে গ্রেপ্তারদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন তারা।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান বলেন, “জঙ্গি তৎপরতায় জড়িতরাই পুলিশের প্রিজন ভ্যান থেকে তাদের মতাদর্শে বিশ্বাসীদের ছিনিয়ে নেয়। এজন্য একটি বড় ধরনের পরিকল্পনা করেছিল তারা।”

তিনি বলেন, “ওই ঘটনায় কয়েকটি গ্রুপ অংশ নিয়েছিল। তাদের এক গ্রুপের কাজ সম্পর্কে অন্যদের ধারণা ছিল না। প্রতিটি গ্রুপকে তাদের কাজ সম্পর্কে মোবাইলে নির্দেশ দেয়া হয়েছিল।”

গ্রেপ্তার আটজন হলেন- মো. কামাল হোসেন সবুজ (৩৪), ইউসুফ আলী সোহাগ (২০), মো. সোহেল রানা (২৮), মো. মোরশেদ আলম (২২), মো. ইলিয়াস উদ্দিন (৩৪), আবু বকর সিদ্দিক স্বপন (৩৪), মো. আনোয়ার হোসেন (৪০) এবং মো. বাছির উদ্দিন (২০)।

কামাল হোসেন সবুজ এই গ্রুপকে সংগঠিত ও পরিচালনা করেন বলে র‌্যাব কর্মকর্তা হাবিবুর জানান।

তিনি বলেন, “গ্রেপ্তারদের দলনেতা সবুজ র‌্যাবকে বলেছে, প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়ার কথা বলে ওই সাতজনকে জঙ্গি ছিনতাইয়ে সম্পৃক্ত করেন।”

এ সময় সবুজ সাংবাদিকদের বলেন, “ভালুকা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান কামাল ওরফে যুবরাজ আমাদের জঙ্গিদের ছিনতাইয়ের কাজ দিয়েছিল।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তবে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান বলেন, “কোন অপরাধী ধরা পড়লেই সে কোন না কোন দলের সদস্য বলে দাবি করেন। এটা আপনারা (সাংবাদিকরা) সবাই জানেন। এখানেও একই কারণে হয়তো গ্রেপ্তার ব্যক্তি কোন দলের পরিচয় দিয়ে থাকতে পারেন। তবে র‌্যাব এ ধরনের কোনো তথ্য পায়নি।”

সরাসরি জঙ্গি সম্পৃক্ততায় জড়িত না থেকে শুধু টাকার জন্য কারো পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাইয়ে ঝুঁকি নেয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সবুজের নেতৃত্বে এই দলটির ওপর প্রিজন ভ্যান থেকে বেরোনোর পর এক জঙ্গিকে ফুলবাড়িয়ায় পৌঁছে দেয়ার দায়িত্ব ছিল। তারা সে কাজ শেষও করেছিল।

যাকে নিরাপদ দূরত্বে পৌঁছে দিতে হবে তার চেহারার বর্ণনা পেলেও ওই জঙ্গির নাম জানতেন না বলে র‌্যাবকে জানিয়েছেন সবুজ।

এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা হাবিব বলেন, “সবুজ বলেছে-জঙ্গি রাকিবুল আটক হওয়ার পর তাকে টিভিতে দেখে বুঝেছি আমরা তাকেই ফুলবাড়িয়ায় পৌঁছে দিয়েছিলাম।”

গত ২৩ ফেব্রুয়ারি সকালে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ সড়কে পুলিশের প্রিজন ভ্যানের পথরোধ করে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫)

ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮)এবং বোমা বিশেষজ্ঞ মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে (৩৫) ছিনিয়ে নেয়া হয়। এই তিনজনের মধ্যে প্রথম দুইজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত।আর মিজান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

এ সময় জঙ্গিদের গুলিতে এক কনস্টেবল নিহত হন এবং অন্য দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার কয়েক ঘণ্টার মাথায় ধরা পড়েন রাকিবুল।ওই দিন গভীর রাতে ‘বন্দুক যুদ্ধে’ নিহত হন তিনি।

ওই ঘটনার বর্ণনায় সবুজ র‌্যাবকে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সকালে লোকজন নিয়ে মোটরসাইকেলে করে ত্রিশালের ভরাডোবা বাজারের পশ্চিম পাশে যান তিনি। সেখানে একটি কালো রংয়ের মাইক্রোবাস দেখে তাতে উঠে অপরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর মাইক্রোবাস থেকে নেমে আবার অনুসারীদের কাছে যান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের প্রিজন ভ্যানটি ভরাডোবা বাজারের সামনে এলে তারা গাড়িটি অনুসরণ করেন। এরপর নির্দিষ্ট স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাস ও মোটরসাইকেল দিয়ে

ঘিরে প্রিজনভ্যানটিকে রাস্তার বাঁয়ে চেপে থামাতে বাধ্য করা হয়।”

“এরপর অপরিচিত কয়েক যুবক হঠাৎ করেই প্রিজনভ্যান লক্ষ করে বোমা হামলা এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ সদস্যদের আহত করে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয়।”

এসময় প্রিজনভ্যান থেকে বেরিয়ে আসা একজন তার কাছে এলে তাকে মোটরসাইকেলে করে ফুলবাড়িয়ায় পৌঁছে দেন বলে সবুজ জানিয়েছেন।

এই ঘটনায় এর আগে ১১ জনকে গ্রেপ্তার করা হয় বলে গত ১৫ মার্চ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ছানোয়ার হোসেন জানান।