বগুড়ায় ভারী অস্ত্রসহ ‘আত্মঘাতী জঙ্গি’ গ্রেপ্তার
বগুড়া শহরে একটি বাড়ি থেকে ভারী অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে একটি গোপন বৈঠক থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় জানিয়ে র্যাব বলেছে, এরা জঙ্গি সংগঠনের ‘আত্মঘাতী স্কোয়াডের’ সদস্য।
ঠনঠনিয়া এলাকার ওই বাড়ি থেকে একটি এলএমজি, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ ৪টি ম্যাগজিন, কিছু দেশি অস্ত্র ও একটি টেলিস্কোপ উদ্ধার করা হয়েছে।
এছাড়া একটি ডায়েরি ও বেশ কিছু জিহাদি বইও পাওয়া যায় জোবানি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ওই বাড়িতে।
র্যাব-১২ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সাঈদ সাংবাদিকদের বলেন, “এরা সবাই আত্মঘাতী দলের সদস্য। ডায়েরিতে তারা শহীদ হওয়ার কথা লিখেছে।”
সেখানে অস্ত্রের একটি ক্যাটালগও পাওয়া গেছে বলে জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. মিরান হোসেন।
উদ্ধার অস্ত্রের বিষয়ে বিমান বাহিনীর এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “এ ধরনের অস্ত্র সামরিক বাহিনী ব্যবহার করলেও এসব অস্ত্রের ব্র্যান্ড ভিন্ন। নাম এক হলেও উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি ছোট মাপের, ভিন্ন ব্র্যান্ড ও ভিন্ন দেশে তৈরি।”
স্কোয়াড্রন লিডার মিরান বলেন, গোপন ওই বৈঠকে মোট ২১ জন ছিলেন। এর মধ্যে তিন জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
আটজন র্যাব সদস্যের একটি দল নিরস্ত্র অবস্থায় ছদ্মবেশে এই অভিযানে যায়। ওই বাড়িতে ঢোকার পর কথাবার্তার এক পর্যায়ে পরিচয় আঁচ করতে পেরে বৈঠকে অংশ নেয়াদের একটি দল র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
“চারজন র্যাব সদস্য তাদের কামড়ে এবং ধস্তাধস্তিতে আহত হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে লুঙ্গি পরা এক যুবক বলে ওঠে, ‘তোরা বসে আছিস কেন?’ তখনি সবাই উঠে দাঁড়ালে একজনের পাশে থাকা ব্যাগের মধ্যে অস্ত্র দেখা যায়। তখন র্যাব সদস্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।”
র্যাবের সশস্ত্র আরেকটি দল বাড়ির পাশের গলিতে অবস্থান নিয়েছিল। ভেতরে ধস্তাধস্তি দেখে তারা এগুলে বৈঠকে অংশ নেয়া অধিকাংশ জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় বলে র্যাব কর্মকর্তা মিরান জানান।
তিনি বলেন, বৈঠকে যারা ছিল, তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। শুধু দাড়িওয়ালা এক ব্যক্তির বয়স ৩০/৩৫ বছর মনে হয়েছে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বাকিদের গ্রেপ্তারে তাদের নিয়ে বিশেষ অভিযান চালানো হবে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
ওই বাড়ির অদূরেই আইআইটিবির ছাত্রাবাসের এক ছাত্র বলেন, “কয়েকদিন হলো দেখছি নতুন কিছু লোক। তাদের কথাবার্তা আর গতিবিধি ভালো মনে হচ্ছিল না। আজ র্যাবের অভিযানের পর আমাদের সন্দেহটা ঠিক মনে হল।”
সরেজমিনে দেখা যায়, জবানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব পাশের সরু একটি গলির মতো পথ দিয়ে ঢুকতে হয় ওই বাড়িতে।
বাড়িটির পেছন দিকটা খোলা। ফলে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল। ওই বাড়ির পেছনের গ্রিলটিও দুর্বল দেখা গেছে।
