২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাপের কথায় নয়, সিদ্ধান্ত জনগণের ইচ্ছায়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী  আনিসুল হক বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের জড়িত দলের বিচারের বিষয়ে সিদ্ধান্ত স্টিফেন জে র‌্যাপের বক্তব্যের ভিত্তিতে নয়, জনগণের ইচ্ছায় নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 12:43 AM

Updated : 22 Aug 2022, 06:51 PM

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত র‌্যাপের আহ্বানের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর ঢাকায় পঞ্চমবারের মতো সফরে এসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র‌্যাপ বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য দল নয়, ব্যক্তি দায়ী। বাংলাদেশ সরকারের উচিৎ হবে ব্যক্তির বিচারকে গুরুত্ব দেয়া।

একাত্তরের যুদ্ধারাধের জন্য দলের বিচার নিয়ে জটিলতার মধ্যে র‌্যাপের এই আহ্বানের পর তীব্র প্রতিক্রিয়া জানায় গণজাগরণ মঞ্চ।

র‌্যাপের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, “মার্কিন দূত স্টিফেন জে র‌্যাপ জামায়াতের বিচার না করার বিষয়ে যে অভিমত ব্যক্ত করেছেন, সেটা তার কাছেই থাকবে। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের জনগণের ইচ্ছার কথা চিন্তা করে যেটা প্রয়োজন সেটাই করা হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তার যে যুক্তি দিয়ে আসছিলেন, তার অগ্রগতি জানতে চাইলে আনিসুল হক বলেন, আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। খুব শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

সব যুদ্ধপরাধীর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে নাগরিক সমাজের দাবি এবং বিচারাধীন মামলার সংখ্যা কমে যাওয়ায় ট্রাইব্যুনালের সংখ্যাও কমিয়ে ফেলার গুঞ্জন নিয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়।

তিনি বলেন, “আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে চাই। এই বিচার করার জন্য প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা কমানো বা বাড়ানো হবে।”

পুরনো খবর:

দল নয়, ব্যক্তির বিচার করুন: র‌্যাপ
বক্তব্য প্রত্যাহার না করলে র‌্যাপকে অবাঞ্ছিত ঘোষণার দাবি